কাউকে পরোয়া করি না: মরিনহো
উসকানিমূলক বক্তব্য দিতে জুড়ি নেই হোসে মরিনহোর। প্রায়ই প্রতিপক্ষ দল বা কোচ নিয়ে বিতর্কিত মন্তব্য করেন রিয়াল মাদ্রিদের এই কোচ। এ নিয়ে অবশ্য সমালোচনাও কম শুনতে হয় না তাঁকে। তবে মরিনহো সাফ জানিয়ে দিয়েছেন, লোকে কী ভাবছে, কী বলছে, এসবে পরোয়া করেন না তিনি।‘যখন আপনি অন্যদের মতো আচরণ না করবেন, তখনই তাঁদের মধ্যে আপনার সম্পর্কে একটা নেতিবাচক ধারণা সৃষ্টি হবে। কিন্তু আপনার নিজ দলের ভেতর ইতিবাচক ধারণা গড়ে উঠবে। একজন নেতা হিসেবে বিষয়টা আপনার ভুলে গেলে চলবে না। লোকে কী বলছে, এ নিয়ে পরোয়া করি না আমি। শুধু ভাবি, দলের ভেতরে কে কী ভাবছে।’ স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কাকে বলেছেন মরিনহো।মরিনহোর দাবি, রিয়ালের খেলোয়াড়দের সঙ্গে তাঁর সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ। তবে তা কেবল বর্তমান ক্লাব বলেই নয়। অতীতে যেসব ক্লাবের সঙ্গে কাজ করেছেন, সেসবের খেলোয়াড়দের সঙ্গে সুসম্পর্কটাও এখনো আগের মতোই রয়ে গেছে। পুরোনোদের এখনো নিজের করে ভাবেন তিনি।‘যখন একটা কথা বলি, তা চিরদিনের জন্যই বলি। এটা বলতে পারি না যে চেলসি, পোর্তো ও ইন্টার মিলানের খেলোয়াড়েরা আমার সাবেক খেলোয়াড়। ওরা এখনো আমার খেলোয়াড়।’ এর পর ৪৯ বছর বয়সী পর্তুগিজ এই কোচ বলেন, ‘ওরাও আমাকে সাবেক বস ভাবে না। এখনো বলে, তুমিই আমাদের বস। তাঁদের সঙ্গে আমার বন্ধনটা চীরদিনের।’ সূত্র: ওয়েবসাইট।