কাউকে ভুল প্রমাণের চেষ্টা করছি না: যুবরাজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্যানসার জয় করেছেন। দুর্দান্তভাবে প্রত্যাবর্তন করেছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটেও। তবে মাঝের সময়টাতে সমালোচকদের অনেক কথা শুনতে হয়েছে যুবরাজ সিংকে। ফিটনেস নেই, তাঁকে তাড়াহুড়ো করে দলে নেওয়া ঠিক হয়নি—এমন সব কথা। সন্দেহ নেই, সমালোচকেরা খুব দ্রুতই বুঝে গেছেন, যুবরাজের ফিটনেস সম্পর্কে তাঁদের ধারণা কতটা ‘ভুল’ ছিল।টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগতভাবে ভালো খেলেছেন। দীর্ঘ পরিসরের ক্রিকেটেও নিজেকে প্রমাণ করেছেন যুবরাজ। দুলিপ ট্রফির সেমিফাইনালে তাঁর ব্যাট থেকে এসেছে দারুণ এক দ্বি-শতক। দিন শেষে সাংবাদিকদের ভারতের এই তারকা অলরাউন্ডার স্পষ্ট জানিয়ে দেন, কাউকে ভুল প্রমাণের চেষ্টা তিনি করছেন না। তাঁর লড়াইটা শুধুই নিজের সঙ্গে।‘সমালোচনা করা সহজ। আমি সত্যি সমালোচকদের নিয়ে ভাবি না। যদি ভাবতাম, খেলায় মনোনিবেশ করতে পারতাম না। আমার দায়িত্ব হলো ব্যাট করে রান পাওয়া, বোলিং ও ফিল্ডিং করা। কাউকে ভুল প্রমাণের চেষ্টা করছি না আমি। শুধু আমার স্বাভাবিক অবস্থায় ফেরার চেষ্টা করছি।’ বলেছেন যুবরাজ।যুবরাজ ব্যাট করেছেন ৩৩৩ মিনিট। ডাবল সেঞ্চুরি করে উচ্ছ্বসিত এই অলরাউন্ডার ভবিষ্যতে এমন আরও অনেক ইনিংস খেলার প্রত্যাশায় বলেন, ‘আমি ভালো বোধ করছি। শরীর যেভাবে কাজ করছে, তাতে আমি আনন্দিত। আমি নিশ্চিত, যত বেশি খেলব, তত বেশি ফিট হব।’শুধু সীমিত ওভারের ক্রিকেট নয়, টেস্ট খেলার মতো যুবরাজ ফিট। তাঁর রাজসিক এক ইনিংসের পর কথাটা বলাই যায়। তার পরও প্রশ্নটা শুনতে হলো যুবরাজকে। ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজে খেলার মতো কি যথেষ্ট ফিট তিনি? যুবরাজ অবশ্য সরাসরি জবাব দেননি, ‘ভবিষ্যতে কী ঘটবে, এ নিয়ে ভাবছি না। এক সময় আমি শুধু একটা ম্যাচ নিয়েই ভাবি। যদি যথেষ্ট ফিট হই, ভালো খেলি, তাহলেই দলে ডাক পাব। আমার দায়িত্ব হলো নিজেকে ওই পর্যন্ত নিয়ে যাওয়া। আর এ কাজটাই করে যাচ্ছি আমি।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।