কাউকেই এগিয়ে রাখছি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি ধুন্ধুমার ম্যাচ সামনে। তবে সবাই যে ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে সেটি আহমেদাবাদে অস্ট্রেলিয়া-ভারত মহারণ। জিবে জল এনে দেওয়ার মতো একটি লড়াই দেখতে যাচ্ছি আমরা, যার মধ্যে থাকবে অনেক খণ্ড দ্বৈরথ।ব্রেট লির গতির ঝড়ের বিপক্ষে বীরেন্দর শেবাগের আপারকাট দেখার জন্য তর সইছে না আমার। লি চেষ্টা করবে সর্বোচ্চ গতিতে বল করতে, শেবাগও চাইবে যতটা সম্ভব নির্মমভাবে তার জবাব দিতে। সাধারণের মধ্যেও ক্রিকেটটা প্রতিদ্বন্দ্বিতার শিখরে ওঠে তো এভাবেই। এই দ্বৈরথের জয়-পরাজয়ই গড়ে দিতে পারে ম্যাচের ভাগ্য।এটা অস্বীকার করার উপায় নেই যে সাম্প্রতিক পারফরম্যান্স, মুখোমুখি লড়াই ও স্বাগতিক হওয়ার সুবাদে ভারতই ফেবারিট হিসেবে শুরু করবে। অন্যদিকে উদ্বেগজনক ফর্ম নিয়ে অস্ট্রেলিয়া এ ম্যাচে নামবে নিজেদের আন্ডারডগ মেনে নিয়েই।অস্ট্রেলিয়ার জয়রথ থেমে যাওয়ার পর রিকি পন্টিংয়ের মন্তব্যকে তাঁর মনের কথা ভেবে নেওয়ার কোনো কারণ নেই। কারণ গর্বের ওই রেকর্ডটার অংশীদার আমরা সবাই। এটি ভেঙে যাওয়ায় স্বস্তির কোনো কারণ থাকতে পারে না। আমি আশা করছি, তারা ঘুরে দাঁড়াবে এবং ফল পেতে বদলাবে রণকৌশল।২০০৩ বিশ্বকাপের সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটির আগে টিম মিটিংয়ের কথা মনে পড়ছে। টুর্নামেন্টে তখন পর্যন্ত চারটি ম্যাচই আমরা জিতেছিলাম। সুতরাং পরের ম্যাচে পরাজয়টা আমাদের ‘পাওনা’ই ছিল। এটা জানিয়ে ওই তত্ত্বটাকেই প্রশ্নবিদ্ধ করে বললেন, একটা ম্যাচের ফলের সঙ্গে আরেকটা ম্যাচের ফলের কোনো যোগসূত্র থাকতে পারে না।এ ম্যাচে ভারতের পক্ষে থাকবে অনেক কিছু। দলটির প্রায় সব ব্যাটসম্যানই অন্তত একটি বড় ইনিংস খেলেছে। আহমেদাবাদের কন্ডিশনও থাকবে ওদের বোলারদের পক্ষে। কিন্তু সমস্যা হচ্ছে, শতকোটি মানুষের প্রত্যাশার চাপ নিয়েও তাদের খেলতে হবে। ধোনির হেলিকপ্টার শটের চেয়ে এখন বরং তার কাছে ভারতবাসীর প্রত্যাশা তার বিখ্যাত ঠান্ডা মাথা।কয়েক বছর ধরেই আমি ধোনিকে জানি। ভারসাম্য রক্ষার ক্ষেত্রে তার জুড়ি নেই। দলকে উজ্জীবিত করতে ধোনি তাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ সাফল্যের কথা টেনে আনতে পারে। বলতে পারে, তারা একবার পেরেছে, আবারও পারবে।আর অস্ট্রেলিয়ার বড় নির্ভরতা হবে বড় ম্যাচে তাদের সব সময়ই ভালো খেলার ঐতিহ্য। পন্টিংয়ের মূল ভরসা লি ও শন টেইট। ভারতের ব্যাটিংকে চেপে ধরতে হলে শুরুতেই ব্রেক থ্রু এনে দেওয়ার দায়িত্ব এই দুজনের। রোমাঞ্চকর এই ম্যাচে ফেবারিট হিসেবে কারও নামই বলতে চাই না।ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান ম্যাচের দিকে দৃষ্টি ফেরানো যাক। এই ম্যাচে পাকিস্তানই ফেবারিট। এটা বললে খুব একটা ভুল হবে বলে মনে হয় না। অন্তত এই বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে তো বটেই। ক্যারিবিয়ানদের ভাগ্য নির্ভর করছে অনেকটাই ক্রিস গেইলের ওপর। লি-শেবাগের লড়াইটা আগুন ঝরানো হতে পারলে গেইল-গুলের মহারণও কম হবে কেন?ওয়েস্ট ইন্ডিজের ভাবনার কেন্দ্রবিন্দু পাকিস্তানের বোলিং। পেসারদের পাশাপাশি ডানহাতি ও বাঁহাতি স্পিনের বৈচিত্র্যে সাজানো তাদের বোলিং। এই নিয়ে ওয়েস্ট ইন্ডিজের ভেতরকার পরিকল্পনা সম্পর্কে আমার জানা নেই। তবে মিডল-অর্ডারে শিবনারায়ণ চন্দরপলের উপস্থিতি অনেক বেশি দৃঢ়তা দেবে তাদের ব্যাটিংয়ে।