কাউকেই ফেবারিট মানছেন না জয়াবর্ধনে
এশিয়া কাপে অংশ নিতে অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ ব্যাংক ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচ খেলে সরাসরি ঢাকা আসতে হয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট দলকে। ক্রিকেটারদের ওপর ক্লান্তি ভর করা অস্বাভাবিক কিছু নয়। তবে লঙ্কান দলের অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে জানিয়েছেন, ক্রিকেটাররা সবাই বেশ ফিট এবং দলের আত্মবিশ্বাসও যথেষ্ট ভালো।বাসস জানিয়েছে, ভারতীয়দের মতো অনুশীলনে না গিয়ে আজ হোটেলেই সময় কাটিয়েছেন লঙ্কান ক্রিকেটাররা। তবে এশিয়া কাপ মাঠে গড়ানোর আগের দিন আজ ঠিকই সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন জয়াবর্ধনে। লঙ্কান অধিনায়ক বলেন, ‘ক্রিকেটাররা সবাই বেশ ফিট। এ কারণেই আমাদের আগ্রহটা বেশি। আর ত্রিদেশীয় সিরিজের শেষ ফাইনাল ম্যাচে হারলেও আমাদের আত্মবিশ্বাস যথেষ্ট ভালো।’জয়াবর্ধনে বলেন, ‘অস্ট্রেলিয়া সফরে বেশ ভালো করেছি আমরা। দিলশান ভালো রান করেছে। মালিঙ্গা ১৮টি উইকেট শিকার করেছে। আশা করছি, ক্রিকেটাররা তাঁদের পারফরম্যান্স আরও উন্নতি করবে।’এশিয়া কাপে ফেবারিট দল কোনটি—এমন প্রশ্নের জবাবে জয়াবর্ধনে বলেন, ‘চারটি দলই বেশ ভালো। কাউকেই বেশি ফেবারিট বলে মনে হচ্ছে না। সব দলই বেশ কিছু দিন ধরে ভালো পারফর্ম করেছে।’