কাউকেই ভয় পায় না ক্রোয়েশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিযানের শুরুতেই বড় জয়। এবারের ইউরো আসরে নিজেদের প্রথম ম্যাচে গতকাল রোববার রাতে আয়ারল্যান্ড প্রজাতন্ত্রকে ৩-১ গোলে হারিয়েছে ‘ডার্ক হর্স’ ক্রোয়েশিয়া।আয়ারল্যান্ডকে হারানোর পর ‘সি’ গ্রুপের অন্য দুই শক্তিশালী প্রতিপক্ষ স্পেন ও ইতালির প্রতি সতর্কবার্তা দেন ক্রোয়েশিয়ার কোচ স্লাভেন বিলিক। সংবাদ সম্মেলনে তিনি জানিয়ে দেন, কাউকেই ভয় পায় না ক্রোয়েশিয়া।‘আমরা কাউকেই ভয় পাই না। হতে পারে, কিছু কিছু মুহূর্তে ওরা (স্পেন ও ইতালি) আমাদের চেয়ে ভালো দল। কিন্তু সামগ্রিক দিক থেকে দেখলে আমরাই সেরা’—বলেছেন বিলিক।ক্রোয়েশিয়া কোচের এমন বক্তব্যের কারণটা সহজেই অনুমেয়। তাঁর দলই যে এখন পর্যন্ত ‘সি’ গ্রুপের শীর্ষে। গ্রুপের চার দলের মধ্যে জয়ের মুখ দেখেছে কেবল ক্রোয়েশিয়া। আয়ারল্যান্ড হেরেছে। আর গতকালই ১-১ গোলে ড্র করেছেন স্পেন ও ইতালি। ক্রোয়েশিয়াকে অন্যদের চেয়ে এগিয়ে রাখতেই পারেন বিলিক।পরের ম্যাচগুলোতে ফুটবলারদের চাপে থাকা না-থাকা নিয়ে এক প্রশ্নের জবাবে ক্রোয়েশিয়া কোচ বলেন, ‘দুই বছর ধরে আমি দলের সঙ্গে আছি। এই দুই বছর ধরেই চাপের মধ্যে আছে ফুটবলাররা। ওরা দেখিয়েছে, চাপের সঙ্গে কীভাবে খাপ খাওয়াতে হয়। দলগতভাবে আমরা শক্তিশালী।’এ ম্যাচে ক্রোয়েশিয়ার জয়ের নায়ক মারিও মান্ডজুকিক। মাত্র ৩ মিনিটে গোল করে দলকে এগিয়ে দিয়েছিলেন। ৪৮ মিনিটে দলের ও খেলার শেষ গোলটিও করেন তিনি। ক্রোয়েশিয়ার বাকি গোলটি করেন নিকিকা জেলাভিক। খেলার ১৯ মিনিটে আয়ারল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেন সিন লেডজার।ক্রোয়েশিয়া কোচ মনে করেন, খেলার শুরুতে মান্ডজুকিকের করা গোলটি মানসিকভাবে এগিয়ে দিয়েছিল দলকে। স্লাভেন বিলিক বলেন, ‘শুরুতে গোল পাওয়াটা গুরুত্বপূর্ণ ছিল। খেলোয়াড়েরা যথেষ্ট লড়াকু। কাজটা সহজ ছিল না। আমরা কী করেছি, এখনো বিশ্বাস করতে পারি না আমি। এটা অসাধারণ এক জয়। আমরা জানতাম, ম্যাচটা কঠিন হবে। কিন্তু খেলোয়াড়েরা দারুণভাবে সাড়া দিয়েছে।’ রয়টার্স।