কাউড্রে বক্তৃতায় সাঙ্গাকারা-আগুন
প্রথা থেকে বেরিয়ে এসেছিল এমসিসি। সেই সুযোগ পেয়ে প্রথাটথা একদম ভেঙেই দিলেন কুমার সাঙ্গাকারা!‘এমসিসি স্পিরিট অব ক্রিকেট কাউড্রে লেকচার’ দেওয়ার সুযোগ এই প্রথম পেলেন বর্তমান সময়ের কোনো ক্রিকেটার। এটা যেমন প্রথা থেকে বেরিয়ে আসা, শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক সাঙ্গাকারাও সম্ভবত এই প্রথম খুব বেশি তত্ত্বকথা না বলে আঘাত করলেন ঘটমান বাস্তবে।ক্রিকেট নিয়ে ভালো ভালো কথা না বলে পরশু লর্ডসে দেওয়া কাউড্রে বক্তৃতায় তিনি সমালোচনার তীরবিদ্ধ করলেন তাঁর দেশের ক্রিকেট নিয়ন্ত্রকদেরই। ক্রিকেট বোর্ডকে রাজনীতিমুক্ত করতে আইসিসির সাম্প্রতিক উদ্যোগকে স্বাগত জানিয়ে তিনি তাঁর বক্তৃতায় বলেছেন, ‘ক্রিকেটে আরও ভালো প্রশাসনই আমাদের আকাঙ্ক্ষা।’ সাঙ্গাকারার বক্তৃতা সবাই এতটাই মন্ত্রমুগ্ধের মতো শুনেছেন যে বক্তৃতা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সবাই উঠে দাঁড়িয়ে অভিবাদন জানালেন তাঁকে।এক ঘণ্টার বক্তৃতায় শ্রীলঙ্কার ক্রিকেটের ইতিহাস তুলে ধরে সাঙ্গাকারা সে দেশের ক্রিকেট বোর্ডের কাছে আহ্বান জানিয়েছেন দুর্নীতি উৎখাত করতে। ১৯৯৬ বিশ্বকাপ জয়কে জাতীয় ঐক্যের জন্য সবচেয়ে বড় উপলক্ষ বলে অভিহিত করে সাঙ্গাকারা বলেন, ‘স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করা নীতিবান কিছু লোকের হাত থেকে সরে গিয়ে ক্রিকেট বোর্ড তখনই হয়ে যায় মিলিয়ন মিলিয়ন ডলারের একটা সংস্থা এবং তখন থেকেই সবকিছু টালমাটাল হওয়ার শুরু।’সাঙ্গাকারা তুলে ধরেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের বর্তমান চিত্রও, ‘প্রশাসনে এখন আর জবাবদিহি বা স্বচ্ছতা নেই। তারা বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটকে অধারাবাহিক করে দিয়েছে এটাই। সভাপতি, নির্বাচিত নির্বাহী কমিটি আসে, আবার চলেও যায়। সরকার এরপর অন্তর্বর্তীকালীন কমিটি করে, একপর্যায়ে বিলুপ্ত হয়ে যায় সেটাও।’ এ রকম ঘটনার সর্বশেষ উদাহরণটি শ্রীলঙ্কা সরকার ‘উপহার’ দিয়েছে গত সপ্তাহেই। শ্রীলঙ্কা ক্রিকেটের আগের অন্তর্বর্তী কমিটি ভেঙে করা হয়েছে নতুন অন্তর্বর্তী কমিটি।ক্ষমতা নিয়ে কাড়াকাড়ি ক্রিকেটারদের মধ্যে কতটা বাজে প্রভাব ফেলে, সেটির উল্লেখ করে ক্রিকেট প্রশাসকদের কাছে সাঙ্গাকারার দাবি, ‘ক্রিকেট দল যে মূল্যবোধটা বছরের বছর ধরে লালন করছে, সেটা প্রশাসকদের মধ্যেও আসতে হবে—নৈতিকতা, স্বচ্ছতা, কাজের প্রতি নিবেদন এবং শৃঙ্খলা।’ তাঁর আশঙ্কা, ‘প্রশাসন যদি আরও পেশাদার, দূরদর্শী এবং স্বচ্ছ না হয়, তাহলে আমরা হয়তো একই ধরনের মানুষের হাতে থেকে যাব।’লর্ডসে সবার হাততালি পেলেও সাঙ্গাকারার বক্তৃতা শ্রীলঙ্কা সরকার বা সে দেশের ক্রিকেট বোর্ডের ভালো লাগার কথা নয়। লাগেওনি। শ্রীলঙ্কার সরকার-নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাঁর কাউড্রে বক্তৃতা সম্পর্কে লিখেছে, ‘এমসিসিতে সাঙ্গাকারার বক্তৃতা ভিমরুলের চাকে ঢিল ছুড়েছে।’ ক্রীড়ামন্ত্রী নাকি শ্রীলঙ্কা ক্রিকেটকে তাঁর বক্তৃতা তদন্ত করে দেখারও নির্দেশ দিয়েছেন। ‘সাঙ্গাকারাকে এসবের ব্যাখ্যা দেওয়ার জন্য ডাকা হতে পারে’—জানিয়েছে ওই সংবাদ সংস্থা।