কাউড্রে বক্তৃতায় ‘প্রথম’ সাঙ্গাকারা
শুধু ক্রিকেটার নন, অনেক দিন ধরেই কুমার সাঙ্গাকারা ‘ক্রিকেট ব্যক্তিত্ব’। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সেমিনারে বক্তৃতা দেওয়ার জন্য বেছে নেওয়া হয় তাঁকে, আইসিসি ক্রিকেট কমিটিতে বর্তমান ক্রিকেটারদের প্রতিনিধিও তিনি। সাবেক শ্রীলঙ্কা অধিনায়ক এবার পাচ্ছেন আরেকটি বড় সম্মান। এবারের ‘এমসিসি স্পিরিট অব ক্রিকেট কাউড্রে লেকচার’-এর জন্য বেছে নেওয়া হয়েছে সাঙ্গাকারাকে। এত দিন এই বক্তৃতা দিয়েছেন শুধু সাবেকরাই, সাঙ্গাকারাই প্রথম ‘বর্তমান’ ক্রিকেটার।এমসিসির সাবেক প্রেসিডেন্ট কলিন কাউড্রের স্মরণে ২০০১ সাল থেকে প্রতিবছর হয়ে আসছে এই বক্তৃতা। বর্তমান প্রেসিডেন্ট ক্রিস্টোফার মার্টিন-জেনকিন্স জানিয়েছেন, মাঠ ও মাঠের বাইরে ভাবমূর্তির জন্যই সাঙ্গাকারাকে বেছে নেওয়া হয়েছে। গত বছর এই বক্তৃতা দিয়েছিলেন ইমরান খান। ‘কাউড্রে বক্তৃতা’ দেওয়ার সর্বকনিষ্ঠ হতে যাচ্ছেন ৩৩ বছরের সাঙ্গাকারা। এত দিন যেটি ছিলেন ২০০৯ সালে বক্তৃতা দেওয়া অ্যাডাম গিলক্রিস্ট। আগামী ৪ জুলাই, ইংল্যান্ড-শ্রীলঙ্কা তৃতীয় ওয়ানডের পরদিন লর্ডসে এবারের ‘কাউড্রে বক্তৃতা’ দেবেন সাঙ্গাকারা। ওয়েবসাইট।