কাউন্টিতে কাজে লাগবে আইপিএল-অভিজ্ঞতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়টা কেমন যাচ্ছে? এই যে একটার পর একটা খেলার মধ্যে আছি, আজ এখানে তো কাল ওখানে, দম ফেলার ফুরসত পাচ্ছি না...আসলে কেমন এই সময়টা?অনেকেই জানতে চায়। আমি নিজেও ভাবি। ভেবেটেবে দেখি, সময়টা আসলে দুই রকম অনুভূতিই দিচ্ছে। ভালো এবং খারাপও।ভালো এই দিক থেকে, আমি অনেক ম্যাচ খেলার সুযোগ পাচ্ছি। অনেক কিছু জানার সুযোগ পাচ্ছি। খেলোয়াড় হিসেবে নিজেকে পরিপূর্ণভাবে উপস্থাপনেরও একটা ব্যাপার আছে। আইপিএল খেলে, কাউন্টি খেলে সেটা কিছুটা হলেও করতে পারছি। আর জাতীয় দলের হয়েও ভালো খেলছি এখন পর্যন্ত। সব মিলিয়ে ভালো না লাগার তো কোনো কারণ নেই! বলতে পারেন সময়টা উপভোগই করছি। যখন যে ক্রিকেট হচ্ছে, মানুষ যে খেলাটা দেখছে, যা নিয়ে আলোচনা করছে—আমি তার অংশ। ভাবতেই তো ভালো লাগে। আর খারাপ দিকটা হলো, এত ব্যস্ততা আসলেই ক্লান্তিকর লাগে মাঝেমধ্যে। শুধু মনে হয়, ইস, আরেকটু বিশ্রাম পেলে ভালো হতো। এই যে দেশে এসেই আগামীকাল আবার কাউন্টি খেলতে ইংল্যান্ড চলে যাচ্ছি, বারবারই মনে হচ্ছে আরেকটু যদি বিশ্রাম পেতাম, আর কয়টা দিন যদি ঢাকায় থেকে যেতে পারতাম!উস্টারশায়ারের হয়ে গতবার চারদিনের ম্যাচ খেলেছি কাউন্টিতে। এবার বেশির ভাগই টি-টোয়েন্টি ম্যাচ। হয়তো মাঝে দু-একটা চারদিনের ম্যাচ খেলতে হতে পারে। আগেরবার যেহেতু ওখানে টি-টোয়েন্টি ম্যাচ খেলিনি, বুঝতে পারছি না এবার কী অভিজ্ঞতা অপেক্ষা করছে আমার জন্য। তবে আইপিএলে খেলে যাচ্ছি বলে কিছুটা সুবিধা হবে আশা করি। অন্তত ম্যাচের পরিস্থিতিগুলো তো বুঝতে পারব। কন্ডিশন অন্য রকম থাকলেও টি-টোয়েন্টি ম্যাচ বলে আইপিএলের অভিজ্ঞতা কাউন্টিতে কাজে লাগার কথা।খেলার বাইরেও ইংল্যান্ডে ভালো সময় কাটবে বলে বিশ্বাস। উস্টারশায়ারের এবারের চুক্তিটা দেড় মাসের—২ জুন থেকে ১৫ জুলাই। আগেরবারের চেয়ে প্রায় দ্বিগুণ পারিশ্রমিক। সঙ্গে গাড়ি, অ্যাপার্টমেন্টসহ অন্যান্য সব সুযোগ-সুবিধাই থাকবে।গত প্রায় দুই মাস আইপিএলেও খুব মজার সময় কাটিয়ে এসেছি। মজায় কাটেনি এমন দিন কমই গেছে। ম্যাচ জিতলে পুরো টিম যে কী খুশি হতো বলে বোঝাতে পারব না। তবে এমন না যে হারলে তারা খুব ভেঙে পড়ত। খেলাটাকে সেখানে সবাই খেলা হিসেবেই নেয়। মনে পড়ে না কোনো দিন ম্যাচ হেরেছি বলে রাতে পার্টি হয়নি। মাঠের ফলাফল যা-ই হোক, পার্টি অন।সময় ভালো যাওয়ার আরেকটা কারণ সম্ভবত ইনজুরিমুক্ত থাকা। এত খেলা, এত জার্নিতে মাঝেমধ্যে মানসিক অবসাদ এলেও এখন পর্যন্ত কোনো ইনজুরিতে পড়িনি। একসময় কুঁচকিতে একটা সমস্যা ছিল। অস্ট্রেলিয়ায় চিকিৎসা করিয়ে আসার পর ওটা নিয়ে আর ভুগিনি। নতুন কোনো ইনজুরিও হয়নি। হ্যাঁ, টুকটাক কিছু সমস্যা সারা জীবনই থাকে। ওসব না থাকলে আর খেলোয়াড় কেন!ইনজুরিমুক্ত থাকতে হলে ভালো ফিটনেস জরুরি। আমিও ফিট থাকার চেষ্টা করছি সব সময়ই। আইপিএলে খেলার সময় নিয়মিত জিম করেছি। এটাই বেশি গুরুত্বপূর্ণ। মাঠে থাকলে হয়তো রানিং-টানিংও করতাম, তবে জিম কখনো বাদ দিতাম না। আপাতত ছুটিতে বলে কয়েক দিন কিছুই করছি না। আর ক্রিকেটের বাইরে ব্যক্তিগত অনেক কাজ জমা হয়েছিল। বিশ্বকাপের আগে থেকে এই পর্যন্ত খেলার ব্যস্ততায় নিজের বা পরিবারের কোনো কাজই করতে পারিনি। সেগুলো করলাম। বেশ কয়েকটা কোম্পানির সঙ্গে কমিটমেন্ট ছিল, সেসব সারলাম। ব্যাংকের কাজ, নিজের পড়াশোনা এসবও সামলাতে হলো। আব্বু-আম্মা-ছোট বোন সবাই এখন ঢাকায়। ছোট বোন শহীদ আনোয়ার গার্লস কলেজে ভর্তি হলো। আম্মা আর বোন আর কিছুদিন পর থেকে ঢাকাতেই থাকবে। সরকারি চাকরি করেন বলে আব্বুর মাগুরা থেকে আসতে আরও সময় লাগবে।ইংল্যান্ডে গিয়ে আবারও ঢুকে পড়ব ক্রিকেটের মধ্যে। জিম-রানিং, ফিট থাকতে সবই চালাব। কাউন্টি ক্রিকেট থেকেও ইনজুরিমুক্ত অবস্থায়ই ফিরে আসতে চাই। এসেই যোগ দেব জিম্বাবুয়ে সিরিজের অনুশীলন ক্যাম্পে। মাঝের এই সময়টা যত রঙিনই কাটুক, আসল কাজ তো ওটাই—দেশের জন্য খেলা।