কাউন্টির চেয়ে বিপিএল এগিয়ে: মুরালি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের টি-টোয়েন্টি ক্রিকেটকে ‘সেকেলে’ বলে আখ্যায়িত করেছেন মুত্তিয়া মুরালিধরন। টেস্ট ও ওয়ানডেতে সর্বোচ্চ উইকেট শিকারি এই স্পিনার মনে করেন, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চেয়েও কাউন্টি ক্রিকেট পিছিয়ে।‘ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেট বিশ্বব্যাপী পরিচিত। কিন্তু এই টি-টোয়েন্টি প্রতিযোগিতা সেকেলে। এটি পরিবর্তন করা দরকার। দলগুলোকে ফ্র্যাঞ্চাইজির মতো করলে অর্থনৈতিকভাবে সবাই উপকৃত হবে। আমি মনে করি, এখানে ভালো বাজার রয়েছে এবং টিভি স্বত্বও আসবে’—বিবিসিকে দেওয়া এক সাক্ষাত্কারে বলেছেন মুরালি।কাউন্টি ক্লাব গ্লুচেস্টারশায়ারের হয়ে দ্বিতীয় মৌসুম শুরু করতে চলেছেন মুরালি। ফ্রেন্ডস লাইফ টি-টোয়েন্টি প্রতিযোগিতায় কাল বৃহস্পতিবার তিনি মাঠে নামবেন সমারসেটের বিপক্ষে। ২০১০ সালে টেস্ট ও ২০১১ সালে ওয়ানডে ক্রিকেটকে বিদায় জানানো মুরালি আইপিএলে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন। বিপিএলের উদ্বোধনী আসরে খেলেছেন চিটাগং কিংসের হয়ে। সেই অভিজ্ঞতা থেকে মুরালির মূল্যায়ন, বিপিএলের চেয়েও কাউন্টি পিছিয়ে আছে। বাংলাদেশ বেশ বড় পরিসরে প্রতিযোগিতাটি শুরু করেছে। প্রতি ম্যাচে ৩০ হাজার থেকে ৪০ হাজার দর্শক হয়।ক্রিকইনফোর খবরে বলা হয়েছে, ২০১৩ সালে কাউন্টির ফরম্যাট কী হবে, এ নিয়ে বিতর্ক চলছে। এ মৌসুমে ১৮টি দল অংশ নিচ্ছে। প্রতি ম্যাচে সর্বোচ্চ দুজন বিদেশি খেলোয়াড় মাঠে নামাতে পারবে কোনো দল। তিনটি গ্রুপের প্রতিটিতে রয়েছে ছয়টি করে দল। কোয়ার্টার ফাইনালের আগে প্রত্যেক দলকে ১০টি করে ম্যাচে অংশ নিতে হবে।বর্তমান ফরম্যাট পরিবর্তন করা উচিত জানিয়ে ৪০ বছর বয়সী মুরালি বলেন, আটটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে প্রতিযোগিতা আয়োজন করে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডও এমনটা করতে পারে। তবে প্রতিযোগিতার ফরম্যাট আইপিএলের মতোও হতে পারে।