কাউন্টির ডাক উপেক্ষা জুনাইদের
চ্যাম্পিয়নস ট্রফির প্রস্তুতির জন্য আইপিএলের ডাক ফিরিয়ে দিয়েছেন দিনেশ চান্ডিমাল। একই টুর্নামেন্টের জন্য এবার কাউন্টির ডাক উপেক্ষা করলেন জুনাইদ খান। ফিরিয়ে দিলেন বেশ কটি কাউন্টি দলের প্রস্তাব। আসছে জুনে চ্যাম্পিয়নস ট্রফির শেষ আসর বসছে ইংল্যান্ডে। কাউন্টি খেললে প্রস্তুতিটা তাই আরও ভালো হওয়ারই কথা। তবে জুনাইদ কাউন্টি খেলছেন না নিজেকে চোটের চক্করে না ফেলতে।বছর দুয়েক আগে কিছুদিন ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলেছেন জুনাইদ। গত কিছুদিনে আন্তর্জাতিক ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্সের পর এবার প্রস্তাব এসেছিল ডারহামসহ আরও কয়েকটি কাউন্টি থেকে। কিন্তু চ্যাম্পিয়নস ট্রফি ও ব্যস্ত আন্তর্জাতিক সূচি মাথায় রেখেই ঝুঁকির পথে হাঁটতে চান না বাঁহাতি পেসার, ‘কাউন্টিতে খেলেছি বলেই আমি জানি, তরুণ একজন ক্রিকেটারের জন্য এই অভিজ্ঞতা কতটা লাভজনক হতে পারে। কিন্তু এই সময়টা আমার কাউন্টিতে যাওয়ার জন্য ঠিক উপযুক্ত নয়। আপাতত আমার পুরো দৃষ্টি চ্যাম্পিয়নস ট্রফির দিকে। এই টুর্নামেন্টটা আমরা এখনো জিততে পারিনি, এবার কঠিন এক গ্রুপেও পড়েছি আমরা। বোর্ডও আমাকে বলেছে নিজেকে ফিট রাখতে। সামনে পাকিস্তানের ব্যস্ত সূচি।’চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ বি-তে এবার পাকিস্তানের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এই টুর্নামেন্টের জন্য আরেকটা কারণেও আগ্রহভরে অপেক্ষা করছেন জুনাইদ। পাকিস্তানের প্রস্তুতি ক্যাম্পে বোলিং পরামর্শক হিসেবে থাকবেন ওয়াসিম আকরাম। যাঁকে আদর্শ মেনে ক্রিকেটে এসেছেন, তাঁর কাছ থেকে কিছু শেখার জন্য তর সইছে না ২৩ বছর বয়সী পেসারের, ‘আমি শুনেছি, ওয়াসিম আকরাম থাকবেন আমাদের ট্রেনিং ক্যাম্পে। আমার মতো তরুণদের জন্য এটা হবে মাস্টারের কাছ থেকে কিছু শেখার সেরা সুযোগ।’ ওয়েবসাইট।