কাউন্সিলর মনোনয়নেই এত বিতর্ক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট অনিশ্চয়তার খেলা। তার চেয়েও ভয়াবহ অনিশ্চয়তা থাকে বোধ হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাউন্সিলর হওয়া নিয়ে। ওয়ানডে বা টি-টোয়েন্টির মতো ‘শেষ ওভারের’ উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এখানেও। পরশু কাউন্সিলরের নাম জমা দেওয়ার শেষ দিন পর্যন্তও তাই সরগরম থাকল বিসিবি অফিস। ‘শেষ দিন’ না বলে অবশ্য শেষ দিনের মধ্যরাত বলাই ভালো। মনোনীত কাউন্সিলরের নাম জমা দেওয়ার সময়সীমায় শুধু ‘২৪ সেপ্টেম্বর’ লেখা থাকায় রাত ১২টা পর্যন্ত অপেক্ষায় থাকতে হয়েছে বিসিবিকে।
জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার সঙ্গে ঢাকার ক্লাবগুলোর বিভাজন কাউন্সিলর টানার প্রতিযোগিতাকে বেশ স্পষ্ট করে তুলেছে এবার। জেলা ও বিভাগ শুরু থেকেই অভিযোগ করে আসছিল, বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান ও তাঁর স্নেহধন্য ক্লাব-জোট কাউন্সিলর মনোনয়ন-প্রক্রিয়াকে প্রভাবান্বিত করছে। অভিযোগটা অমূলক প্রমাণিত হয়নি মোটেও। জেলা ও বিভাগের দাবি-দাওয়া নিয়ে সোচ্চার ফোরামের মহাসচিব আশিকুর রহমানের কপালটাও বোধ হয় সে কারণেই পুড়ল। নইলে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী কমিটির মনোনয়ন পাওয়ার পরও তাঁর কাউন্সিলর না হতে পারার আর কীই-বা কারণ থাকতে পারে! তবে কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থা থেকে ঠিকই কাউন্সিলর মনোনীত হয়েছেন ফোরামের সভাপতি ইউসুফ জামিল।
আমাদের নড়াইল প্রতিনিধি জানিয়েছেন, অগঠনতান্ত্রিকভাবে কাউন্সিলর মনোনয়ন দেওয়ার প্রতিবাদে নড়াইলের বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ স্টেডিয়ামে কাল জড়ো হয়েছিল স্থানীয় ক্রীড়াবিদ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ামোদীরা। সেখান থেকে বের হয় বিক্ষোভ মিছিল। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত সমাবেশে নড়াইল থেকে অন্যায়ভাবে আশরাফুজ্জামান পিন্টুকে কাউন্সিলর মনোনয়ন দেওয়ায় জেলা প্রশাসকের অপসারণ দাবি করা হয়।
এটা কেবল একটা খণ্ড চিত্রই। বিসিবির কাউন্সিলর হতে না-পারা নিয়ে এ রকম ক্ষোভ-বিক্ষোভ, দাবি-দাওয়া এখন দেশজুড়েই। কাউন্সিলর মনোনয়নে যেসব অনিয়মের অভিযোগ উঠছে, তাতে বিসিবির নির্বাচন আবার আদালতে গড়ালেও বিস্মিত হওয়ার কিছু থাকবে না। সে রকম আভাস এরই মধ্যে পাওয়া যাচ্ছে।
জেলা ক্রীড়া সংস্থাকে পাশ কাটিয়ে কাউন্সিলর মনোনয়নের উদাহরণ যেমন আরও আছে, তেমনি এ নিয়ে ক্লাব পর্যায়েও কম জল ঘোলা হচ্ছে না। টাকার বিনিময়ে কাউন্সিলরশিপ বিক্রি, এক ক্লাবের সঙ্গে সংশ্লিষ্ট থেকেও ‘ডোনেশন’ দিয়ে আরেক ক্লাবের কাউন্সিলর হওয়া এ দেশের ক্রীড়াঙ্গনের সংস্কৃতিই হয়ে গেছে। বিসিবির নির্বাচনেও এটির ব্যত্যয় হবে কীভাবে! হয়নি বলেই জীবনভর আবাহনীর তাঁবুতলে থাকা তিন বোর্ড কর্মকর্তাকে যদি ভবিষ্যতে অন্য ক্লাবের পরিচয়ে পরিচিতি পেতে হয়, অবাক হওয়ার কিছুই থাকবে না তাহলে।
বিসিবির নির্বাচনে আবাহনী বরাবরই একটা ‘ফ্যাক্টর’। এবারও যেমন দুই সভাপতি প্রার্থীরই (নাজমুল হাসান আর সাবের হোসেন চৌধুরী) মূল ঠিকানা আবাহনী। যদিও সাবের হোসেন চৌধুরী আবাহনীর কাউন্সিলরশিপ চেয়েও না পেয়ে শেষ পর্যন্ত কাউন্সিলর হয়েছেন তাঁর নিজের ক্লাব বারিধারা ড্যাজলার্স থেকে। আবাহনীর কাউন্সিলর হয়েছেন দুই পরিচালক নাজমুল হাসান ও শায়ান রহমান। শায়ানের আরেকটি পরিচয়, তিনি আবাহনীর চেয়ারম্যান সালমান এফ রহমানের ছেলে।
ঢাকার বাইরে থেকে কাউন্সিলর হিসেবে এসেছেন সাবেক দুই অধিনায়ক। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা মনোনয়ন দিয়েছে আকরাম খানকে, নাঈমুর রহমান এসেছেন মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা। তাই বলে ঠেকানো যায়নি এ জেলার আগেরবারের কাউন্সিলর দেওয়ান শফিউল আরেফীনকে। তিনি এসেছেন ঢাকা বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে।
ক্রিকেটাররা কাউন্সিলর হয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ থেকেও। সাবেক পাঁচ অধিনায়কের শ্রেণীতে নাম আছে শামীম কবির, রকিবুল হাসান, শফিকুল হক, ফারুক আহমেদ ও খালেদ মাসুদের। সাবেক ১০ খেলোয়াড়ের কোটায় কাউন্সিলর হয়েছেন শহীদুর রহমান, গাজী আশরাফ হোসেন, এ এস এম ফারুক, কাজী ইউশা মিশা, খালেদ মাহমুদ, সেলিম শাহেদ, নিয়ামুর রশীদ, মোহাম্মদ আলী, আহসানউল্লাহ ও হান্নান সরকার। অভিনব হলেও সত্যি, গঠনতন্ত্র অনুযায়ী এই দুই শ্রেণীর মধ্যে সাবেক অধিনায়কদের শ্রেণীতে থাকারা ভোট দিতে পারলেও বিসিবির নির্বাচনে অংশ নিতে পারবেন না। সাবেক ক্রিকেটারদের কোটায় থাকারা অবশ্য দুটিই পারবেন। এই দুই কোটায় আরেকটা ব্যাপারও বেশ লক্ষণীয়। সাম্প্রতিক সময়ে বিতর্কিত কিছু নামও ‘শোভা’ পাচ্ছে সেখানে!