কাকা অনিয়মিতই থাকছেন
এসি মিলানের সেই কাকাকে আর খুঁজেই পাওয়া গেল না রিয়াল মাদ্রিদে। দুর্বল ফর্ম আর ইনজুরির সঙ্গে লড়াই করতে করতে ক্লান্ত-পরিশ্রান্ত এই ব্রাজিলীয় প্লে-মেকার। সাইড বেঞ্চে বসে থাকতে থাকতে দুই পায়ে যেন মরচে ধরেছে। চারদিক-কাঁপানো পারফরম্যান্স তো দূরের কথা, ক্যারিয়ারের দৈর্ঘ্য নিয়েই এই মুহূর্তে বড্ড শঙ্কায় তিনি। এবারের মৌসুম শুরুর আগে পুরোনো ক্লাব মিলানে ফেরার একটা চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত সান সিরোয় আর যাওয়া হয়নি কাকার। নতুন মৌসুমেও রিয়ালের হয়ে নিয়মিত খেলার সম্ভাবনা সীমিতই রয়ে যাচ্ছে তাঁর। কোচ হোসে মরিনহো নিজেও জানেন না, এই মৌসুমে কাকাকে নিয়মিত খেলাতে পারবেন কিনা।ফর্ম, মূলত ফর্মই এই মুহূর্তে কাকার মাঠে নিয়মিত হওয়ার পথে সবচেয়ে বড় বাধা। হোসে মরিনহোও সংশয়ে আছেন, অদূর ভবিষ্যতে সেই অতীতের কাকাকে আর মাঠে দেখা সম্ভব হবে কি না।‘এসি মিলানে কাকার যে ফর্ম দেখেছি, তা এখন অতীতই। ওই ফর্মে ভবিষ্যতে কাকাকে হয়তো আর দেখা যাবে না।’ রিয়াল কোচের সাফ মন্তব্য।২০০৭ সালে ফিফার বর্ষসেরা ফুটবলার ছিলেন এই কাকা। এসি মিলানকে এনে দিয়েছিলেন চ্যাম্পিয়নস লিগের ট্রফি। ২০০৯ সালে এই কাকাকেই রেকর্ড ট্রান্সফার ফির বিনিময়ে দলে ভিড়িয়েছিল ‘লস ব্ল্যাঙ্কোস’রা। অথচ তিন বছর না ঘুরতেই পরিস্থিতি যেন কীভাবে পাল্টে গেল।এসি মিলানের ফর্ম রিয়ালে ধরে রাখতে না পারার ব্যাপারটি স্বাভাবিকভাবেই দেখতে চান মারিনহো। তিনি বলেন, অনেক গ্রেট ফুটবলারের ক্ষেত্রেই এমনটি হয়েছে, এক জায়গা থেকে এসে অন্য জায়গায় মানিয়ে নিতে না পারা। তিনি বলেন, অবশ্যই ফুটবল গাণিতিক কোনো বিষয় নয়, ফুটবলাররাও যন্ত্রমানব নয়। রিয়ালে এসে মূলত শারীরিক সমস্যাই তাঁর জন্য সবচেয়ে বড় সমস্যা তৈরি করেছে।মরিনহো বলেন, ‘গত মৌসুমে সীমিত সুযোগের মধ্যেও কাকা যতটুকু পেরেছে, ভালো খেলেছে। এই মৌসুমেও কাকা আমাদের হিসাবের মধ্যে আছে। যখনই কাকাকে প্রয়োজন হবে, আমরা তার ভেতর থেকে ভালোটা বের করে নিয়ে আসার আপ্রাণ চেষ্টা চালাব।’কাকার প্রশংসা করে মরিনহো আরও বলেন, কাকা খুবই শৃঙ্খলাপরায়ন ফুটবলার। তার টেকনিক্যাল সামর্থ্য রিয়ালের যেকোনো ফুটবলারেরই সমপর্যায়ের। সেই সঙ্গে প্রতিভার জাদু তার মধ্যে যা আছে, সেটা দেখেই কিন্তু বার্নাব্যুতে স্থান হয়েছিল কাকার। সকারনেট।