কাকা এবং হলুদ কার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি যদি ব্রাজিল সমর্থক হয়ে থাকেন, তবে পরশু কাকাকে মাঠ থেকে তুলে নেওয়ার সময় নিশ্চিতভাবেই স্বস্তি পেয়েছেন। দলের প্লে-মেকারকে তুলে নিতে পেরে একটা স্বস্তি পেয়েছেন কোচ কার্লোস দুঙ্গাও। একই অনুভূতি হয়েছে হয়তো স্বয়ং কাকারও। এমনিতে কাকা মাঠে না থাকলেই বেশি দুশ্চিন্তা হওয়ার কথা ব্রাজিলের। কিন্তু পরশু ৩০ মিনিটে হলুদ কার্ড পাওয়ার পর থেকে আরেকটা শঙ্কাও ঘিরে ধরেছিল, ‘আবারও কি লাল কার্ড!’ দলের জয় নিশ্চিত হওয়ার পর ৮১ মিনিটের সময় কাকা ভালোয় ভালোয় মাঠ ছাড়ায় তাই স্বস্তি পেয়েছে গোটা ব্রাজিলই।হঠাৎই অদ্ভুত এক সমস্যার আবর্তে পড়ে গেছেন কাকা, যেটা তাঁর কখনোই ছিল না। ‘রাফ অ্যান্ড টাফ’ খেলেন—এই দুর্নাম কখনোই ছিল না তাঁর। তাঁকে সাবধান করার জন্য রেফারিদের বুক পকেটে হাত দেওয়ার নজিরও তাই খুব একটা নেই। বিশ্বকাপে এসে সেই কাকারই যেন কার্ডের সঙ্গে দারুণ সখ্য। আইভরিকোস্টের বিপক্ষে তিন মিনিটের ভেতর দুটি হলুদ কার্ড দেখে মাঠ ছেড়েছেন, পরের ম্যাচটা তাই দেখতে হয়েছে বেঞ্চে বসেই। পরশু ফিরেই আবার দেখলেন হলুদ কার্ড। পরশু হয়তো দ্বিতীয় হলুদ কার্ড আর দেখেননি। তবে পরের ম্যাচে যদি আবার একটি হলুদ কার্ড দেখেন, তাহলে হল্যান্ডের বিপক্ষে জিতেও ব্রাজিলের সঙ্গী হবে দুশ্চিন্তা, টানা দুই হলুদ কার্ড দেখায় কাকা খেলতে পারবেন না সেমিফাইনাল।এটা যে একটা বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে, স্বীকার করেছেন দুঙ্গাও। তবে সরাসরি না হলেও দায়টা তিনি চাপাচ্ছেন রেফারিদের ঘাড়েই, ‘হ্যাঁ, এটা সত্যিই বড় একটা সমস্যা। আমি চাই না কাকা আবার বহিষ্কার হোক। টেকনিক্যাল খেলোয়াড়দের শাস্তি দেওয়া হচ্ছে আর যারা ফাউল করছে তারা পার পেয়ে যাচ্ছে। গ্রুপ পর্ব থেকেই এমনটা দেখা যাচ্ছে। আমরা কাকার সঙ্গে কথা বলব, এই কার্ড সমস্যায় আমরা সংকুচিত হতে চাই না।’ তবে কার্ডের কারণে পরশু কাকাকে তুলে নেওয়ার কথা অস্বীকার করেছেন দুঙ্গা, ‘গত পাঁচ মাসে কোনো ম্যাচে সে ৯০ মিনিট খেলেনি। ও আস্তে আস্তে পুরো ফিট হচ্ছে, সবকিছুই হচ্ছে পরিকল্পনামতো।’আইভরিকোস্টের বিপক্ষে দ্বিতীয় হলুদ কার্ড নিয়ে সন্তুষ্ট ছিলেন না, কাকা বললেন পরশু কার্ডটাও তাঁর প্রাপ্য নয়, ‘এটা ছিল সাধারণ একটা ফাউল, ম্যাচে আমার প্রথম ফাউল। বুঝতে পারছি না রেফারিরা আমার প্রতি কেন এত আগ্রহী। আমি সত্যিই চিন্তিত হয়ে পড়েছি, আরেকটি হলুদ কার্ড পেলে আবার বাইরে বসে থাকতে হবে।’ এএফপি।