কাকা ফুরিয়ে যাননি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অগুরুত্বপূর্ণ ম্যাচ, কিন্তু তাঁর জন্য ছিল ভীষণ গুরুত্বপূর্ণ। প্রতিবছর রিয়াল মাদ্রিদ তাদের সাবেক ক্লাব সভাপতি সান্তিয়াগো বার্নাব্যুর স্মরণে একটা প্রীতি ম্যাচ খেলে। সান্তিয়াগো বার্নাব্যু ট্রফির সেই ম্যাচে পরশু রিয়াল মুখোমুখি হলো কলম্বিয়ার মিলোনারিয়সের। সাধারণত এই ম্যাচে রিয়াল তাঁদের গ্রীষ্মে সই করানো খেলোয়াড়দের মাঠে নামায়। পরশুও রিয়ালের হয়ে অভিষেক হলো অনেকের। অগুরুত্বপূর্ণ সেই ম্যাচে হোসে মরিনহো সুযোগ দিয়েছিলেন তাঁকেও। আর কাকা সুযোগ পেয়েই হ্যাটট্রিক করে কোচকে জানিয়ে দিলেন, তিনি ফুরিয়ে যাননি। প্রথম একাদশে খেলতে প্রস্তুত।মিলোনারিয়সকে এবার রিয়াল আমন্ত্রণ জানিয়েছিল ক্লাবের কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোকে সম্মান জানাতে। রিয়ালে যোগ দেওয়ার আগে কলম্বিয়ার ক্লাবটিতে চার বছর খেলেছিলেন ডি স্টেফানো। রিয়াল অবশ্য ডেকে এনে ‘অসম্মান’ই করল মিলোনারিয়সকে। জিতল ৮-০ গোলে। এই মৌসুমে এই প্রথম রিয়ালের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পেলেন কাকা। এসি মিলানের হয়ে আলো ছড়িয়ে তিন বছর আগে রিয়ালে এসেছিলেন। তাঁর পেছনে সাড়ে ছয় কোটি ইউরোর বিনিয়োগও আছে। কিন্তু চোট আর ছন্দহীনতা মিলিয়ে মরিনহো-জমানায় ব্রাত্য হয়ে আছেন ব্রাজিলিয়ান তারকা। এমনও গুঞ্জন আছে, জানুয়ারিতে তাঁকে বেচে দেবে রিয়াল।কাকা রিয়ালে থাকতে চান, কিন্তু সেটা থাকার মতো। বসে বসে বেতন নিতে চান না ৩০ বছর বয়সী প্লে-মেকার। পরশু সুযোগ পেয়েই মরিনহোকে একটা বার্তা পাঠালেন। বার্তাটা ‘স্পেশাল ওয়ান’ পেয়েও গেছেন, ‘কাকা দুর্দান্ত খেলেছে, পুরো দলই আসলে অসাধারণ ছিল। কাকাসহ আরও কয়েকজন খেলোয়াড় কোচের দৃষ্টি আকর্ষণ করেছে।’রোববার স্প্যানিশ লিগে দেপোর্তিভো লা করুনিয়ার সঙ্গে ম্যাচ রিয়ালের। দেখা যাক, কোচের দৃষ্টি আকর্ষণ করে কোনো লাভ হলো কিনা তাঁর! ওয়েবসাইট।