কাকা-রবিনহোর খেলার সুযোগ নেই

এমন একটা পরিস্থিতির জন্য মোটেও প্রস্তুত ছিল না ব্রাজিল। প্রস্তুত ছিলেন না ব্রাজিলের সমর্থকেরাও। দলের প্রাণভোমরাকেই হারিয়ে ফেলতে হবে, সেটিও বিশ্বকাপের সেমিফাইনালের মতো পর্যায়ে এসে! এই বাস্তবতার পাথর বুকে বেঁধেই সমর্থকদের এখনকার প্রশ্ন, নেইমারের শূন্যতা পূরণ করবে কে? কাকা-রবিনহোকে কি দলে নেওয়া সম্ভব?
উত্তরটা হতাশ করবে সমর্থকদের। বিশ্বকাপের নিয়ম অনুযায়ী এখন ২৩ জনের দলের বাইরে কাউকে নেওয়ার সুযোগ নেই। ফলে খেলতে পারবেন না কাকা কিংবা রবিনহো। ২৩ জনের স্কোয়াড থেকেই এখন বিকল্প খুঁজতে হবে লুইস ফেলিপে স্কলারিকে।
২০১৪ বিশ্বকাপের দল ঘোষণার শেষ সময় ছিল ২ জুন। তবে এর পরও চূড়ান্ত দল থেকে কয়েকটি দল কিছু রদবদল করতে পেরেছে। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়ে চোট পেয়ে ৭ জুন ছিটকে গিয়েছিলেন জার্মানির মার্কো রিউস। তাঁর বদলে দলে এসেছেন শোকোদ্রান মুস্তাফি। কিন্তু তখনো বিশ্বকাপ শুরু হয়নি বলে এই সুবিধা পেয়েছে জার্মানি।
ফিফার নিয়ম হলো, দলগুলো নিজেদের প্রথম ম্যাচ শুরুর ২৪ ঘণ্টা আগ পর্যন্ত গুরুতর চোটের কারণে ২৩ জনের দলে পরিবর্তন আনতে পারবে। কিন্তু গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলার পর পরিবর্তন আনার আর কোনো সুযোগ নেই।
নেইমারের বদলে তাই একাদশে সুযোগ পেতে পারেন উইলিয়ান, বার্নার্ড কিংবা রামিরেস। খেলার ধরনের দিক দিয়ে নেইমারের অনেকটা কাছাকাছি ছিলেন লুকাস মাউরা। কিন্তু পিএসজির এই খেলোয়াড়কে দলেই নেননি স্কলারি। ফলে তাঁকে নিয়েও হাহাকার করে আর লাভ নেই।
নেইমারের বদলে একাদশে যিনিই সুযোগ পান, নেইমারের শূন্যতা পূরণের আসল দায়িত্ব নিতে হবে অস্কারকেই। আক্রমণভাবে একা নেইমারের পাশাপাশি অস্কার যা একটু আলো ছড়িয়েছিলেন। সমস্যা হলো, ব্রাজিল আগামী ম্যাচে দলে পাবে না অধিনায়ক ও রক্ষণভাগের আসল সেনানী থিয়াগো সিলভাকেও। সিলভা টুর্নামেন্টে তাঁর দ্বিতীয় হলুদ কার্ড দেখার পর স্কলারির প্রতিক্রিয়াই বলে দিচ্ছিল এমন কিছুর জন্য মোটেও প্রস্তুত ছিলেন না তিনি। পরে তো বিগ ফিলকে আরও বড় দুঃসংবাদ শুনিয়েছেন নেইমারই।