কাকাকে পেয়ে রোমাঞ্চিত নেইমার
তিনি লিওনেল মেসির ভক্ত—এ কথা সুযোগ পেলেই জানিয়ে দেন। তবে তাঁর আদর্শ আরেকজন। ছোটবেলা থেকে কাকাকে অনুসরণ করেই বেড়ে উঠেছেন নেইমার। ব্রাজিলের উঠতি তারকা এই ভেবে রোমাঞ্চিত, নিজের আশৈশব সেই নায়কের সঙ্গেই একই জার্সি পরে নামবেন মাঠে! আগামীকাল ইরাকের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচ। দুই বছর পর ব্রাজিল দলে ফেরা কাকা এই প্রথম আক্রমণভাগে জুটি বাঁধবেন নেইমারের সঙ্গে। আগে কখনোই এই দুজন একসঙ্গে খেলেননি। খেলা তো দূরের কথা, আগে কখনো ব্যক্তিগতভাবে দুজনের দেখাও হয়নি!কাকার সঙ্গে দেখা হওয়ার আগে রোমাঞ্চিত নেইমার বলেছেন, ‘আমাদের সবার জন্য কাকা আদর্শ, এটা গোপন কিছু নয়। এখনো তাঁর সঙ্গে দেখা হয়নি আমার। এই প্রথমবারের মতো দেখা হবে। কাকার অভিজ্ঞতা আমাদের অনেক সাহায্য করবে।’২০০৩ সালে কাকা যখন মিলানের উদ্দেশে ব্রাজিল ছেড়ে যান, নেইমারের বয়স মাত্র ১১ বছর। মাত্রই সান্তোসের যুবদলে এসেছেন। পেশাদার ফুটবলে নেইমারের অভিষেক আরও ছয় বছর পরে। ২০১০ বিশ্বকাপের পর কাকা আর জাতীয় দলে খেলেননি। আর জাতীয় দলে নেইমার এসেছেনই বিশ্বকাপের পর পর। ফলে দুজনের মধ্যে দেখা হয়নি। এবার শুধু দেখা নয়, মাঠে একসঙ্গে খেলবেনও। আগামীকাল ইরাকের পর ১৬ অক্টোবর জাপানের বিপক্ষে খেলবে ব্রাজিল।জাতীয় দলে কাকার ফিরে আসা ব্রাজিলের মতো তাঁর নিজের জন্যও সুখবর। অনেকেই মনে করছেন, আগামী বিশ্বকাপে ব্রাজিলের তরুণ দলটিকে পথ দেখানোর জন্য কাকার মতো অভিজ্ঞ কাউকেই প্রয়োজন ছিল। তবে বিশ্বকাপ পর্যন্ত এখনই ভাবছেন না কাকা, ‘আমাকে শান্ত থাকতে হবে। মাত্রই দুই বছর পর জাতীয় দলে ফিরলাম। এখনই বিশ্বকাপ নিয়ে ভাবতে পারছি না। আমি এসেছি আমার দায়িত্ব পালন করতে। আমাদের এই দলটার সফল হওয়ার সব সম্ভাবনাই আছে। আমি সেই সাফল্যযাত্রার অংশ হতে চাই।’ ওয়েবসাইট।