কাকার দিকে দৃষ্টি সান্তোসের
এসি মিলান ছেড়ে ২০০৯ সালে যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। এর পর থেকেই ফর্ম নেই। উল্টো ভুগছেন ফিটনেসের সমস্যায়। এ অবস্থায় কাকার মিলানে ফেরার ব্যাপারে আলোচনা চলছিল। তাতেও লাভ হয়নি। মিলানে ফেরা আটকে গেছে এই ব্রাজিলীয় মিডফিল্ডারের। এদিকে ব্রাজিলীয় ক্লাব সান্তোসের কোচ মুরিসি রামালহো জানিয়েছেন, কাকাকে চুক্তিবদ্ধ করতে আগ্রহী তাঁর দল।সম্প্রতি ক্লাব ছেড়ে সাও পাওলোতে যোগ দিয়েছেন অ্যাটাকিং মিডফিল্ডার গানসো। এ অবস্থায় দ্রুত একজন মিডফিল্ডার দরকার সান্তোসের। কাকার মতো একজনকে চুক্তিবদ্ধ করার আর্থিক সামর্থ্য কী সান্তোসের রয়েছে? গতকাল সংবাদ সম্মেলনে প্রশ্নটা করা হয়েছিল রামালহোকে। প্রশ্নটা শুনে সাংবাদিকদের পাল্টা প্রশ্ন করেন সান্তোস কোচ, ‘কে ভেবেছিল যে সাও পাওলো এত অর্থ দিয়ে গানসোকে কিনতে পারবে? সবকিছুই সম্ভব। আমরা কাকার কথা ভাবছি। একই সঙ্গে ডিয়েগো ও রবিনহোকেও বিবেচনায় রাখছি।’রামালহো বলেন, ‘ওরা তিনজনই গুরুত্বপূর্ণ খেলোয়াড়। আগেও বলেছি, যেকোনো কিছুই সম্ভব। এটা শুধুই অর্থ-কড়ির প্রশ্ন নয়। অন্য দিকগুলোও বিবেচনায় নিতে হচ্ছে আমাদের। খুব দ্রুত কাজ করতে হবে। সান্তোসে যেসব খেলোয়াড় খেলছে, ওদের প্রতি অবশ্যই আস্থা রয়েছে। তবে দলে নতুন কিছু যোগ করতে সক্ষম, এমন কাউকে আনতে হবে আমাদের।’ইতালির ক্রীড়া দৈনিক ‘গাজেত্তা দেল্লো স্পোর্ত’ গত মাসে জানিয়েছিল, মিলানে ফেরার পথে কাকার সামনে প্রধান বাধা তাঁর আয়কর-সংক্রান্ত জটিলতা। সেই জটিলতায় নাকি জড়াতে চায় না মিলান কর্তৃপক্ষ। এ নিয়ে একজন আয়কর নিরীক্ষকের সঙ্গে আলোচনাও করেছে মিলান। ওই নিরীক্ষক পরামর্শ দিয়েছেন, এ অবস্থায় কাকাকে দলে আনাটা ঝুঁকিপূর্ণ হবে। তিন বছর আগে ৭০ মিলিয়ন ইউরোতে রিয়ালে যোগ দেন কাকা। কিন্তু ব্রাজিলীয় এই অ্যাটাকিং মিডফিল্ডার কখনোই নিজের সামর্থ্যের প্রমাণ রাখতে পারেননি। কখনো ভুগেছেন ইনজুরিতে, কখনো ফর্মহীনতায়। দুই বছর আগে মেসুত ওজিল রিয়ালে আসার পর থেকে মূলত বদলি খেলোয়াড় হিসেবে খেলানো হচ্ছে সাবেক ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়কে। সূত্র: ইএসপিএন-স্টার।