কাকার মিলানে ফেরা অসম্ভব
এসি মিলান ছেড়ে ২০০৯ সালে এসেছেন রিয়াল মাদ্রিদে। এরপর থেকেই ফর্ম নেই। উল্টো আছে ফিটনেস-সমস্যা। এ অবস্থায় রিয়াল ছেড়ে মিলানে ফিরতে আগ্রহী ব্রাজিলের তারকা ফুটবলার কাকা। রিয়ালও তাঁকে বিক্রি করতে আগ্রহী। পুরোনো ক্লাব মিলানও তাঁকে নিতে আগ্রহী। কিন্তু বাস্তবতা হলো, খুব দ্রুত হয়তো মিলানে ফেরা হচ্ছে না কাকার।মিলানের ক্রীড়াবিষয়ক পরিচালক আরিদো ব্রাইদা এ মাসের গোড়ার দিকে জানিয়েছিলেন, কাকার মিলানে ফেরা আপাতত আটকে গেছে। গতকাল সোমবার মিলানের ভাইস প্রেসিডেন্ট আদ্রিয়ানো গালিয়ানো এগিয়ে গেলেন আরও একধাপ। স্পষ্ট জানিয়ে দিলেন, কাকার মিলানে ফেরা এ মুহূর্তে অসম্ভব।মিলানে ফেরার পথে কাকার সামনে প্রধান বাধা তাঁর আয়কর-সংক্রান্ত জটিলতা। সেই জটিলতায় জড়াতে চায় না মিলান কর্তৃপক্ষ। ইতালির ক্রীড়া দৈনিক ‘গাজেত্তা দেল্লো স্পোর্ত’ জানিয়েছে, কাকার আয়কর জটিলতা নিয়ে একজন আয়কর নিরীক্ষকের সঙ্গে আলোচনা করেছে মিলান। তিনি পরামর্শ দিয়েছেন, এ অবস্থায় কাকাকে দলে আনা ঝুঁকিপূর্ণ হবে। মিলান চ্যানেলকে দেওয়া সাক্ষাত্কারে এসব স্বীকারও করে নিয়েছেন আদ্রিয়ানো গালিয়ানো, ‘আয়কর জটিলতা? এর সবই সত্যি। একজন আয়কর নিরীক্ষকের মতামত নিয়েছি আমরা। তিনি বলেছেন, এটা অনেক বেশি ঝুঁকিপূর্ণ। এ অবস্থায় কাকাকে আনা অসম্ভব।’তিন বছর আগে ৭০ মিলিয়ন ইউরোতে রিয়ালে আসেন কাকা। কিন্তু ব্রাজিলীয় এই অ্যাটাকিং মিডফিল্ডার কখনোই নিজের সামর্থ্যের প্রমাণ রাখতে পারেননি। কখনো ভুগেছেন ইনজুরিতে, কখনো ফর্মহীনতায়। দুই বছর আগে মেসুত ওজিল রিয়ালে আসার পর থেকে মূলত বদলি খেলোয়াড় হিসেবে খেলানো হচ্ছে সাবেক ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়কে।