কাকার মিলানে ফেরা আটকে গেছে
এসি মিলান ছেড়ে ২০০৯ সালে এসেছেন রিয়াল মাদ্রিদে। এরপর থেকেই ফর্ম নেই। উল্টো আছে ফিটনেসের সমস্যা। এ অবস্থায় রিয়ালে আর থাকতে চান না ব্রাজিলের তারকা ফুটবলার কাকা। পুরোনো ক্লাব মিলানে ফিরে যেতে চান তিনি। তাঁকে নিতে আগ্রহী মিলানও। কিন্তু খুব দ্রুত হয়তো মিলানে ফেরা হচ্ছে না কাকার।কাকার রিয়াল থেকে মিলানে ফেরা আপাতত আটকে গেছে। কারণ, মিলানের অর্থনৈতিক দুরবস্থা। নিজেদের অর্থ সংকটের কথা বলে মিলানের ক্রীড়াবিষয়ক পরিচালক আরিদো ব্রাইদা খবরটা দিয়েছেন।ব্রাইদা জানান, ২০১২-১৩ মৌসুম সামনে রেখে কাকাকে নেওয়ার চেষ্টা করছে মিলান। কিন্তু ক্লাবের অর্থনৈতিক পরিস্থিতি ব্যাপারটাকে জটিল করে তুলেছে। কাকাকে রিয়াল থেকে আনার জন্য যে পরিমাণ অর্থ দরকার, তা জোগাতে হিমশিম খেতে হচ্ছে মিলানকে। ‘কাকার ফেরা এখন আটকে আছে। ওর বেতন-ভাতা পরিশোধ নিয়ে কিছুটা সমস্যা হচ্ছে। সেটা সমাধানের অপেক্ষায় আছি আমরা। কাকা ফিরে এলে খুবই খুশি হব আমরা। কারণ, সবাই ওকে পছন্দ করে। মিলানের ইতিহাসের অংশ হয়ে আছে কাকা। অবশ্যই ওকে আবারও পাওয়া আমাদের জন্য আনন্দের হবে।’ ইতালির ক্রীড়া দৈনিক ‘গাজেত্তা দেল্লো স্পোর্ত’কে বলেছেন ব্রাইদা। রিয়াল ছাড়ার ব্যাপারে এখনো মুখ খোলেননি কাকা। তাঁর এজেন্ট আদ্রিয়ানো গালিয়ানি গত মাসে জানান, এ ব্যাপারে আলোচনা চলছে। কাকাকে আবারও চুক্তিবদ্ধ করতে আগ্রহী মিলান।‘হ্যাঁ, এ নিয়ে আলোচনা করছি আমরা। কিন্তু এ মুহূর্তে এর বেশি মন্তব্য করতে চাই না আমি।’ স্কাই স্পোর্ট ইটালিয়াকে বলেছিলেন কাকার এজেন্ট আদ্রিয়ানো গালিয়ানি।তিন বছর আগে ৭০ মিলিয়ন ইউরোতে রিয়ালে আসেন কাকা। কিন্তু ব্রাজিলীয় এই অ্যাটাকিং মিডফিল্ডার কখনোই নিজের সামর্থ্যের প্রমাণ রাখতে পারেননি। কখনো ভুগেছেন ইনজুরিতে, কখনো ফর্মহীনতায়। দুই বছর আগে মেসুত ওজিল রিয়ালে আসার পর থেকে মূলত বদলি খেলোয়াড় হিসেবে খেলানো হচ্ছে সাবেক ফিফা বর্ষসেরা এই খেলোয়াড়কে।২০০৩ থেকে ২০০৯ সাল—এই ছয় বছরে মিলানের হয়ে ১৯৩টি ম্যাচে অংশ নেন কাকা। গোল করেন ৭০টি। অন্যদিকে রিয়ালে ৬৫ ম্যাচ খেলে ২০টি গোল করেছেন তিনি। সূত্র: ওয়েবসাইট।