কাকার মুখে ‘উল্টো’ সুর
বিশ্বকাপের বল নিয়ে কী সমালোচনাই না হচ্ছে। সেরা দলগুলো বিশ্বকাপের বল ‘জাবুলানি’ নিয়ে তাদের ক্ষোভের কথা জানিয়েছে। সমালোচকদের তালিকা থেকে বাদ যায়নি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলও। তবে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা কাকার মুখে ‘উল্টো’ সুর। জাবুলানি নিয়ে সমালোচনার কিছু নেই বলে মন্তব্য করেছেন তিনি। ‘বিতর্কিত’ জাবুলানিতে চুমু দিয়ে বিশ্বকাপের বলটির প্রতি নিজের পূর্ণ সমর্থন জানিয়ে দিয়েছেন ফিফা সাবেক বর্ষসেরা এই ফুটবলার।প্রথমবারের মতো নিখুঁত গোলাকার বল দিয়ে খেলা হবে বিশ্বকাপে। আয়োজক দক্ষিণ আফ্রিকা স্থানীয় ভাষায় এর নাম দিয়েছে ‘জাবুলানি’। বিশ্ব ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফাকে এই বল জোগান দিয়েছে অ্যাডিডাস। কিন্তু বিশ্বকাপের একেবারে দ্বারপ্রান্তে এসে বল নিয়ে সমালোচনার ঝড় বইছে। বিশ্বকাপে ব্রাজিলের গোলরক্ষক জুলিয়াস সিজার এই বলটি ভয়ংকর আখ্যায়িত করেছিলেন। বলটির গতিবিধি বোঝা কঠিন বলে অভিযোগ করেছিলেন আরেক ফুটবলার ফ্যাবিয়ানো। বিরক্ত হয়ে ফিফা মহাসচিব জেরোম ভাল্ক মন্তব্য করেছিলেন, ‘ব্রাজিল বিশ্বকাপ না জেতার ভয় থেকেই বলের সমালোচনা করছে।’ ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গাও কম যাননি। ভাল্ককে ব্রাজিলের অনুশীলন ক্যাম্পে আমন্ত্রণ জানিয়ে বলেছেন, ‘দেখি, আপনি বল নিয়ন্ত্রণ করতে পারেন কি না!’জাবুলানি নিয়ে ফিফা-ব্রাজিল বিতর্কে যেন আগুনে ঘি ঢেলে দিলেন কাকা। গতকাল শুক্রবার কয়েক ডজন ক্যামেরার সামনে বিশ্বকাপ বলে চুমু দেন ব্রাজিলের এই স্ট্রাইকার। এরপর ২৮ বছর বয়সী এই প্লে-মেকার বলেন, ‘আমি জাবুলানি নিয়ে কোনো সমালোচনায় যেতে চাই না। যা নতুন, তা নিয়ে ভিন্ন মত থাকবেই। শুরুতে হয়তো বল নিয়ন্ত্রণ করতে কষ্ট হচ্ছে। কিন্তু বিশ্বকাপে যে এর পরিবর্তন হবে না তার নিশ্চয়তা কোথায়?’ এত বিতর্কের পরও কাকার দাবি, জাবুলানির সঙ্গে এখন যথেষ্ট খাপ খাইয়ে নিয়েছেন ফুটবলাররা। এরপরই অবাক করার মতো মন্তব্য করলেন কাকা, ‘আমি দেখেছি, ফ্যাবিয়ানো বলে চুমু দিচ্ছে। জাবুলানি বুকে জড়িয়ে নিচ্ছে জুলিয়াস সিজার!’