কাকার লাল কার্ড ‘কলঙ্ক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলার মাত্র মিনিট তিনেক গড়াতেই দুবার বল ধরতে গিয়ে পড়ে গেলেন। নাছোড়ের মতো তিনিও প্রতিপক্ষের পায়ে মারলেন। এ কোন কাকা? শুভ্রসুন্দর, বিশ্বের অন্যতম সেরা শিল্পী ফুটবলারটিও তাহলে ফাউল করতে জানেন!শুরু থেকেই আইভরিকোস্টের খেলোয়াড়েরা কাকাকে উত্ত্যক্ত করছিলেন। তাঁর পায়ে পায়ে এসে পড়ছিলেন। খেলার জায়গাই দিতে চাইছিলেন না। অশনিসংকেতটা দেখা গিয়েছিল হয়তো এর মধ্যেই। কাকাকে খেলতে হবে, নিজেকে ফিরে পেয়ে উত্তর কোরিয়া ম্যাচে হারানো ছন্দটা ফিরিয়ে দিতে হবে ব্রাজিলকে। তার ওপর এটি তথাকথিত ‘মৃত্যু-উপত্যকা’র গুরুত্বপূর্ণ ম্যাচ। কাকা মরিয়া হয়ে বলের দখল রাখলেন, বলের জোগান দিয়ে দুটি গোল করালেন লুইস ফ্যাবিয়ানো ও এলানোকে দিয়ে। কিন্তু আইভরিয়ানদের শারীরিক বাধা ও কথার খোঁচা তাঁকে ভেতরে ভেতরে তাতিয়েই রাখল। এর বহিঃপ্রকাশ ঘটল অবশ্য অনেক পরে। ইয়া তোরেকে ধাক্কা মেরে ৮৫ মিনিটে দেখলেন প্রথম হলুদ কার্ড। তিন মিনিট পর এল সেই মুহূর্ত। বিস্ময় নিয়ে দুই চোখ কচলে দেখার মতো ঘটনা। ফরাসি রেফারি স্তেফানে ল্যানয়ের পকেট থেকে বেরোল দ্বিতীয় হলুদ কার্ড। ওটা লালে পরিণত হওয়ার আগেই বোঝা গেল কাকা মাঠ ছাড়ার প্রস্তুতি নিয়ে ফেলেছেন। লাল কার্ডটা বেরোতেই সকার সিটিতে লাখো দীর্ঘশ্বাস পড়ল একসঙ্গে। একি হলো! একি করলেন কাকা! একি করলেন রেফারি!আইভরিয়ান ফরোয়ার্ড আবদুল কাদের কেইটা গায়ের ওপর এসে পড়লে কাকা কি সত্যিই কনুই দিয়ে আঘাত করতে চেয়েছিলেন তাঁকে? হাতটা যে গিয়ে লাগল কেইটার বুকে, সেটাও কি উদ্দেশ্যপ্রণোদিত? ম্যাচ শেষে মিক্সড জোনে কাকা কোনো কথা বলতেই চাননি। সাংবাদিকেরা প্রশ্নের পর প্রশ্ন করে গেছেন। তিনি শুধু বলেছেন, ‘লাল কার্ড নিয়ে আমার কিছু বলার নেই। মাঠে কী ঘটেছে, আপনারা সবাই তা দেখেছেন।’ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা কাকার লাল কার্ডের পর ডাগ-আউটে রাগে-ক্ষোভে ফুঁসেছেন। ম্যাচের পরও তাঁর তারকা খেলোয়াড়কে আগলে রাখলেন, ‘এটা একেবারেই অন্যায়। আঘাতের পর আঘাত পেল যে খেলোয়াড়টি, তাকেই কিনা দেখতে হলো লাল কার্ড!’কাকার পাশে এসে দাঁড়াচ্ছেন সতীর্থরাও। জিলবার্তো সিলভা আবার কাকার একনিষ্ঠ শুভার্থী হয়ে কথা বলছেন, যেন তাঁর বড় ভাই, ‘কাকার দোষটা কোথায়? কেইটার গায়ে আঘাত লেগেছে কি লাগেনি, অমনি তো সে মাঠে পড়ে গেল!’আবার আইভরিকোস্ট শিবিরে উল্টো প্রতিক্রিয়া। মিডফিল্ডার গাই ডিমেল বলছেন, ‘কাকা যে সরাসরি লাল কার্ড পায়নি, এটা তার সৌভাগ্য। কেইটাকে ধাক্কা মেরে ও লাল কার্ড পাওয়ার অপরাধই করেছে।’লাল কার্ড যে কারণেই পেয়ে থাকুন, কাকাকে এই কলঙ্কের দাগ বয়ে বেড়াতেই হবে। জিদান স্বয়ং এদিন মাঠে ছিলেন। কাকার লাল কার্ড দেখে তাঁর মধ্যে বিচলিত ভাবটা লক্ষ করা গেল। হয়তো তিনি চলে গিয়েছিলেন চার বছর আগে বার্লিনের এক বিকেলে। যেখানে বিশ্বকাপ শিরোপার পাশ দিয়ে তাঁকে ফিরে আসতে হয়েছিল মাঠ ছেড়ে। ক্রোধান্ধ, অপমানিত, ক্ষুব্ধ এবং একটি লজ্জিত হূদয় নিয়ে।জিদানের ক্ষণিকের ওই ভুল হয়তো ফ্রান্সকে আরেকটি শিরোপা জিততে দেয়নি, কিন্তু কাকার এই লাল কার্ডে কিছুই হবে না। তাঁকে ছাড়াই গ্রুপের শেষ ম্যাচটা খেলতে পারবে ব্রাজিল, কেননা নিশ্চিত হয়ে গেছে তাদের দ্বিতীয় রাউন্ড। কিন্তু যেকোনো কারণেই হোক, কাকার চরিত্রে একটি লজ্জার নীল দাগ তো মিশল। অনেকের কাছে তো লাল কার্ডটাই শেষ কথা, কাকা সেটা কীভাবে আর কেন পেলেন তা নয়! পরশু স্টেডিয়াম ছেড়ে বেরোনোর সময়ও তো কারও কারও মুখে শুনতে পেলাম, ‘কাকা একটা ইডিয়ট!’