কাকার লাল কার্ডে ফুঁসছেন দুঙ্গা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি বিশ্বকাপে এ পর্যন্ত যতগুলো খেলা হয়েছে তার মধ্যে সবচেয়ে ভয়ংকর খেলাটি হয়েছে গতকাল। ব্রাজিল ও আইভরিকোস্টের মধ্যকার খেলাটি কেবল ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, তার চেয়েও যেন বড় হয়ে উঠেছে ফুটবলারদের আক্রমণাত্মক মনোভাব। লাল কার্ড দেখেছেন পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের সবচেয়ে বড় তারকা কাকা। তবে কাকার প্রতি ফরাসি রেফারি স্টেফানো লেনয় অবিচার করেছেন বলে অভিযোগ ব্রাজিলের কোচ কার্লোস দুঙ্গার। এ যেন ফাউলের মহারণ! একের পর এক ব্রাজিলের তারকাদের আক্রমণ করেছেন আইভরিকোস্টের ফুটবলাররা। বিশ্বকাপে ব্রাজিলের দুই ম্যাচে দুটি গোল করা এলানো তো আঘাত পেয়ে মাঠের বাইরেই চলে গেলেন। ক্ষোভে পাল্টা আঘাতের চেষ্টা করেছেন ব্রাজিলের ফুটবলাররাও। এ বিশৃঙ্খলার মধ্যে রেফারির বলি কাকা! দুটি হলুদ কার্ড মিলিয়ে লাল কার্ড দেখিয়ে ব্রাজিলের তারকা মিডফিল্ডারকে মাঠের বাইরে পাঠান ফরাসি রেফারি।কাকাকে লাল কার্ড দেখানোর ঘটনায় ফুঁসছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে ক্ষোভটা সবচেয়ে বেশি কার্লোস দুঙ্গার। ক্ষুব্ধ ব্রাজিলের কোচ রয়টার্সকে বলছেন, ‘এটা সম্পূর্ণ অবিচার। ফাউলের শিকার হওয়া ফুটবলারদের মধ্যে কাকা অন্যতম।’ ফরাসি রেফারির ফুটবল জ্ঞানের অভাব রয়েছে ইঙ্গিত দিয়ে দুঙ্গা বলেন, ‘কোনটা ফুটবল আর কোনটা ফুটবল নয়—এটা রেফারির বোঝা উচিত। রেফারি যা করেছেন, তার মধ্যে আকর্ষণীয় ফুটবল খেলা কঠিন।’ রেফারির প্রতি অভিযোগ করে দুঙ্গার প্রশ্ন, ‘কম ফাউল করার পরও যদি প্রতিপক্ষের চেয়ে বেশি হলুদ কার্ড দেখতে হয়, তাহলে আমাদের কী করার থাকে? পরিণত ফুটবলারদের জন্য আজকের দিনটি বেশ কঠিন ছিল!’ যাঁর লাল কার্ডে ক্ষোভে ফুঁসছেন দুঙ্গা, সেই কাকা কিন্তু নীরব। এ নিয়ে মন্তব্য করবেন না জানিয়ে কাকা বলছেন, ‘যা ঘটেছে আপনারাই তা বিশ্লেষণ করতে পারবেন।’