কাকার হলুদ কার্ডে দুঙ্গার ক্ষোভ
দুই হলুদ কার্ড পেয়ে আইভরিকোস্টের বিপক্ষে মাঠ থেকে বের হয়ে যেতে হয়েছিল কাকাকে। এক ম্যাচের বহিষ্কারাদেশ কাটিয়ে দ্বিতীয় রাউন্ডে চিলির বিপক্ষে মাঠে নেমেই আবার হলুদ কার্ড। অথচ ফুটবল বিশ্বে আদর্শ একজন ফুটবলার হিসেবেই তিনি পরিচিত। প্রতিপক্ষের খেলোয়াড়েরা আঘাতের পর আঘাত করে যাচ্ছেন, কিন্তু তিনি হাসি মুখে সবকিছু মেনে নিচ্ছেন। ফুটবলমোদীরা এতদিন কাকাকে এভাবেই দেখে এসেছেন। কিন্তু এবারের বিশ্বকাপে কাকার এই করুণ অবস্থার জন্য কোচ দুঙ্গা দায়ী করেছেন রেফারিদেরই।চিলির বিপক্ষে ম্যাচ শেষে বার্তা সংস্থা রয়টার্সকে তিনি জানিয়েছেন, ‘এবারের বিশ্বকাপে ঈশ্বর প্রদত্ত প্রতিভাবান খেলোয়াড়দের ওপর অবিচার চলছে। তাঁরা বল নিতে গিয়ে ফাউলের শিকার হচ্ছেন, অথচ একটু প্রতিক্রিয়া দেখালেই কার্ড খেতে হচ্ছে তাঁদের।’কাকাকে নিয়ে নিজের উদ্বেগ আড়াল করেননি ব্রাজিলীয় কোচ। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের এই গুরুত্বপূর্ণ সময়ে কাকার মতো প্লেমেকারকে হারাতে চাই না আমি।’বিশ্বকাপে এখনো গোল পাননি কাকা। তার পরও ব্রাজিলের এবারের বিশ্বকাপ দলের সবচেয়ে বড় তারকা তিনিই। কাকা মাঠে থাকা মানেই সতীর্থদের প্রেরণা। এদিকে চোট সমস্যা বেশ ভোগাচ্ছে ব্রাজিলকে। সব মিলিয়ে পুরো পরিস্থিতি নিয়ে একটু চিন্তিত দুঙ্গা। তিনি বলেছেন, ‘বিশ্বকাপের এমন সময়ে কোনো খেলোয়াড়কে চোট বা কার্ডের কারণে হারালে তাঁর শূন্যস্থান পূরণ করা হয়ত সম্ভব হবে না।’ চারদিকে সমালোচনার ঝড়, ব্রাজিলের সুন্দর ফুটবলকে ধ্বংস করে দিচ্ছেন দুঙ্গা। তবে ১৯৯৪ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ মানতে নারাজ। তাঁর দাবি, ফুটবলারদের নির্দিষ্ট কৌশলে আটকে রাখেননি তিনি। দুঙ্গা বলছেন, ‘ব্রাজিলের কৌশল এমন নয় যে তা পরিবর্তন করা যাবে না। আমি সবসময় ফুটবলারদের স্বাধীনভাবে খেলার পরামর্শ দিই। এই বিশ্বকাপে মুক্ত ফুটবল খেলে এগিয়ে যেতে চাই আমরা। আমার বিশ্বাস, ব্রাজিলের সমর্থকেরা এ আক্রমণাত্মক ফুটবলই দেখতে চান।’