কাকার ‘কাকা’ হয়ে ওঠার ম্যাচ
কাকার দিকে অনেকেই এখন তাকাচ্ছে বাঁকা চোখে। ‘এই বিশ্বকাপটা কাকার হতে যাচ্ছে’ ভবিষ্যদ্বাণী করেছিল যারা, তারাও এখন নিশ্চুপ। ব্রাজিল মাত্র একটা ম্যাচ খেলেছে এখন পর্যন্ত। তাতেই কাকাকে নিয়ে হাহাকার করাটা বাড়াবাড়ি। কিন্তু বিশ্বকাপের চূড়ান্ত মঞ্চে নামার আগে যে কটি প্রস্তুতি ম্যাচ খেলেছে ব্রাজিল, প্রতিটি ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। গত ম্যাচে উত্তর কোরিয়ার ডিফেন্সে গিয়ে তো বারবার আটকে গেলেন। হলোটা কী রিয়াল মাদ্রিদ তারকার?রিয়াল নিজেও ‘এসি মিলানের’ কাকাকে খুঁজে পায়নি এখনো। এতে যতটা না তাঁর ফর্মের দায়, তার চেয়েও বেশি দোষ ইনজুরির। গত ক্লাব মৌসুমের শেষ দিকে চোট নিয়ে বাইরে বসে ছিলেন লম্বা সময়। কুঁচকি আর ঊরুর চোট বড্ড ভুগিয়েছে। লিগে ৩৮ ম্যাচের মধ্যে ২১টিতে ছিলেন প্রথম একাদশে। ইনজুরি থেকে ফিরেছেন লিগের শেষ প্রান্তে। রিয়াল জারাগোজার বিপক্ষে জোড়া গোলও করেছিলেন।রিয়াল মাদ্রিদ তো বটেই, কার্লোস দুঙ্গার মুখেও তৃপ্তির হাসি ঝিলিক দিয়ে গিয়েছিল। এই কাকাকেই তো চাই! কিন্তু সেই হাসি উবে যাচ্ছে কর্পূরের মতো। আজ আইভরিকোস্টের বিপক্ষে কাকার সামনে তাই ‘কাকা’ হয়ে ওঠার চ্যালেঞ্জ।দলের প্রাণভোমরা, ঔজ্জ্বল্যহীন কাকা ব্রাজিলকে চিন্তায় না ফেলে পারেই না। তবে সতীর্থ-কোচ সবাই তাঁর পাশেই আছেন। জিলবার্তো সিলভা যেমন বলছেন, কাকা অনেকটা সূর্যের মতো, ধীরে ধীরে যাঁর প্রখরতা বাড়ে, ‘প্রতি ম্যাচেই সে উন্নতি করে। ওকে দেখে ক্ষুধার্ত মনে হচ্ছে। ব্রাজিল আর নিজের জন্য কিছু একটা করতে ও মুখিয়ে আছে। পুরো দল ওকে সমর্থন দিয়ে যাবে। ওর ওপর আমাদের আস্থা আছে। আমি নিশ্চিত, পরের ম্যাচেই কাকা দুর্দান্ত খেলবে।’কাকার নিষ্প্রভ থাকার সুযোগে সবচেয়ে বেশি আলো কেড়েছেন রবিনহোই। সেই রবিনহোও বলছেন, কাকা কাকাই, তাঁর তুলনা চলে না, ‘কাকা যখন খেলে, সে ম্যাচের ভাগ্য গড়ে দেয়। ও আমাদের জন্য অমূল্য এক সম্পদ। শুধু ও কেন, পরের ম্যাচে আমাদের সবাইকেই উন্নতি করতে হবে। মনে রাখতে হবে, ওটা আমাদের প্রথম ম্যাচ ছিল। সেই বিবেচনায় এমন হওয়াটা স্বাভাবিকই।’ কাকা নিজে কী বলছেন? বলছেন, বিশ্বকাপের প্রথম ম্যাচে কিছুটা উদ্বেগ, অনেক বেশি উত্তেজনা আর গতিজড়তা মিলিয়ে এমনটাই হয়। ‘প্রথম ম্যাচ হিসেবে আমি বেশ ভালোই খেলেছি। ইনজুরি থেকে মাত্রই ফিরেছি। আমি তো আর জানতাম না কোন পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছি। তাই সব মিলে আমি সন্তুষ্টই। আমি আরও উন্নতি করব বলে আশাবাদী’—নিজের তৃতীয় বিশ্বকাপ খেলতে আসা কাকা বলেছেন ওই ম্যাচের পর।প্রথম ম্যাচে পুরো সময় কাকা খেলেননি। ৭৮ মিনিটে তাঁকে উঠিয়ে নিয়ে নিলমারকে নামিয়েলেন দুঙ্গা। শোনা যাচ্ছে, আজ হুলিও ব্যাপ্টিস্টাকে প্রথম একাদশে রেখে কাকাকে হয়তো পরে নামাবেন কোচ। প্রথম ম্যাচটা বেঞ্চে বসে দেখা ব্যাপ্টিস্টা নিজেও জানিয়েছেন, দায়িত্ব পেলে তিনি সেটা পালন করতে প্রস্তুত। তবে দুঙ্গা জানিয়েছেন, কাকাকে উঠিয়ে আনার পেছনে তাঁর খেলা নিয়ে কোনো অসন্তুষ্টি কাজ করেনি, ‘ও তো আসলে কয়েক মাসে পুরোটা সময় ধরে খেলেনি। এ কারণেই ধীরে ধীরে ওকে তৈরি হওয়ার সুযোগ দিচ্ছি আমরা।’সবাই এত কিছু বলছেন কেন, কাকা নিজেও সেটা জানেন। মাঠে আজ বল পায়ে তাঁর বলার দিন! ওয়েবসাইট।