কাকায় আগ্রহী গ্যালাতেসারেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রিয়াল মাদ্রিদে ব্রাজিলীয় তারকা কাকার কোনো ভবিষ্যৎ নেই। অন্তত যত দিন এই দলের কোচ হিসেবে হোসে মরিনহো আছেন। রিয়াল-বস মরিনহো কথাবার্তায় স্পষ্ট ইঙ্গিতই দিয়ে দিয়েছেন যে এই মৌসুমে তাঁর কৌশলগত পরিকল্পনায় এক সময়ের ফিফা বর্ষসেরা কাকার কোনো স্থান নেই। কাকার মতো খেলোয়াড় কি তাই বলে রিয়ালে পড়ে থাকবেন! ইতালীয় জায়ান্ট এসি মিলান ছেড়ে ২০০৯ সালে রিয়ালে যোগ দেওয়ার পর থেকেই যেন রীতিমতো হারিয়ে যেতে বসেছেন তিনি। পারফরম্যান্স নেই। সবচেয়ে বড় কথা, মাঠে নামার সুযোগ নেই। ইনজুরি আর ফর্মহীনতা যেন কাকাকে আর কাকার মধ্যে থাকতে দেয়নি। এই মৌসুমের শুরুতে তাই দল ছাড়ার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। এসি মিলানে যাওয়ার একটা চেষ্টা চালিয়েছিলেন; কিন্তু শেষ পর্যন্ত তা আর হয়ে ওঠেনি। এ মুহূর্তে শোনা যাচ্ছে ব্রাজিলের সান্তোসের নাম। তবে তুরস্কের বিখ্যাত গ্যালাতেসারে দলে কাকার যাওয়ার ব্যাপারটিও এখন ঠিক উড়িয়ে দেওয়া যাচ্ছে না।কাকার প্রতি আগ্রহটা আপাতত চাপা দিয়েই রাখতে চাইছে গ্যালাতেসারে। চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্যায়ে যেতে পারলেই কেবল কাকার সঙ্গে চূড়ান্ত কথাবার্তায় যাবে তারা—এমন পরিকল্পনাই আপাতত তুরস্কের এই বিখ্যাত ক্লাবের। তবে কাকাকে দলে নেওয়ার ব্যাপারে গ্যালাতেসারের আগ্রহের মাত্রাটা বোঝা যায় তাদের সভাপতি আয়সাল উনালের কথায়। তিনি বলেছেন, ‘খুব সম্ভবত আমরা কাকাকে দলভুক্ত করতে যাচ্ছি। তবে এ মুহূর্তে এ ব্যাপারে চূড়ান্ত কিছু বলা আমার পক্ষে সম্ভব নয়।’তিনি বলেন, ‘কাকার সঙ্গে আমাদের কথাবার্তা চলছে। আপাতত এর চেয়ে বেশি কিছু বলতে চাইছি না।’ আয়সাল বলেন, ‘কাকার পক্ষে তুরস্কে এসে খেলাটা খুব একটা কঠিন হবে না। তিনি এই ক্লাবের সঙ্গে বেশ ভালোভাবেই মানিয়ে নিতে পারবেন। আমরাও খুব খুশি হব, যদি কাকাকে গ্যালাতেসারের জার্সি গায়ে মাঠে নামতে দেখা যায়।’ ইএসপিএন।