কাকায় ভরসা নেই রিয়ালের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৯ সালে ৭০ মিলিয়ন ইউরোর বিনিময়ে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাকাকে দলে ভিড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। সে সময় বহুল আলোচিত এই দলবদলটির পর রিয়াল অনেকখানি অপ্রতিরোধ্য হয়ে উঠবে বলে মত দিয়েছিলেন অনেকে। কিন্তু রিয়াল সমর্থকদের সেই আশা পূরণ হয়নি। ইনজুরির কারণে এই দুই বছরের বেশির ভাগ সময় মাঠেই পাওয়া যায়নি কাকাকে। যেটুকু সময় মাঠে ছিলেন, সে সময় নিজের নামের প্রতি সুবিচার করে খেলতে পারেননি এই ব্রাজিলিয়ান তারকা। তাই আগামী মৌসুমে তাঁর আশা প্রায় ছেড়েই দিয়েছেন কোচ হোসে মরিনহো। তিনি কাকাকে ছাড়াই পরবর্তী মৌসুমের পরিকল্পনা সাজাচ্ছেন বলে সম্প্রতি এক সংবাদ প্রতিবেদনে জানিয়েছে স্প্যানিশ পত্রিকা মার্কা।কাকাকে দলে ভেড়ানোর পর অনেক আর্থিক সমস্যার মুখে পড়তে হয়েছিল ইউরোপের অন্যতম ধনী এই ক্লাবটিকে। কিন্তু এখন তাঁকে বিক্রি করে দেওয়ার কথাই চিন্তা করছে রিয়াল মাদ্রিদ। তবে ব্যক্তিগতভাবে বার্নাব্যুতেই থেকে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন কাকা। এদিকে ফরাসি একটি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, ইন্টার মিলান নাকি আবারও কাকাকে ইতালিতে ফিরিয়ে নিয়ে যাওয়ার দুঃসাহসী পদক্ষেপ নিতে যাচ্ছে।এবারের ইউরোপিয়ান ফুটবলের মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে ২০টি ম্যাচে মাঠে নেমেছিলেন কাকা। আর গোল করেছেন মাত্র সাতটি। ইএসপিএন।