কাকে বলে কিংবদন্তি!
কিংবদন্তির সংজ্ঞাটা কী? অথবা প্রশ্নটা যদি এমন হয়, কী করলে কিংবদন্তি হওয়া যায়?উসাইন বোল্টের কাছে উত্তরটা খুব সহজ। পর পর দুটি অলিম্পিকে ‘স্প্রিন্ট ডাবল’ জেতো—তুমি কিংবদন্তি! জ্যাক রগ মানছেন না। ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট বোল্টকে ‘আইকন’-এর মর্যাদা দিচ্ছেন, কিংবদন্তির নয়। রগ নিজেও অলিম্পিয়ান, তিনটি অলিম্পিকে অংশ নিয়েছেন। তাঁর চোখে কিংবদন্তি হওয়ার অপরিহার্য পূর্বশর্ত—দীর্ঘস্থায়িত্ব।কিংবদন্তি হওয়ার আনন্দে আকাশে উড়ছেন। রগের কথাটা এমনিতেই বোল্টের ভালো লাগার কথা নয়। তাঁর মেজাজ আরও সপ্তমে চড়বে রগের দেওয়া উদাহরণ শুনে। কিংবদন্তি হতে হলে কী করতে হয়, তা বোঝাতে গিয়ে তিনি যে বলছেন কার্ল লুইসের কথা!বোল্টের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি। তবে অনুমান করা যায়। ২০০ মিটার জিতে তাঁর মানদণ্ডে ‘কিংবদন্তি’ হওয়ার শেষ ধাপটা পেরোনোর পর কার্ল লুইসকে ধুয়ে দিয়েছেন। লুইসের বোধ হয় তা প্রাপ্যও ছিল। এবার অলিম্পিকের আগে কার্ল লুইসের কথাবার্তা শুনে যে কারোরই মনে হতে বাধ্য, লোকটা হিংসায় জ্বলেপুড়ে মরছে। বোল্টকে এই প্রমাণ করতে হবে, ওই প্রমাণ করতে হবে, ওর জন্য কাজটা সহজ হবে না, অলিম্পিক সোনা সুনামের ভিত্তিতে দেওয়া হয় না—এসব না হয় সাবেক ‘গ্রেট’ হিসেবে বিশেষজ্ঞ মতামত হিসেবে ধরে নিতে পারেন। বোল্টও হয়তো তাতে এত চটতেন না। কিন্তু কোনো প্রমাণ ছাড়াই জ্যামাইকান অ্যাথলেটদের গায়ে ডোপিংয়ের কালি ছেটানোর পর ওই প্রতিক্রিয়া প্রত্যাশিতই ছিল।২০০ মিটার ফাইনালের কয়েক ঘণ্টা আগে জ্যাক রগ বলেছেন, কিংবদন্তি হতে বোল্টকে এটা জিতলেই হবে না, করতে হবে কার্ল লুইসের মতো কিছু। সেটি কী? লুইস ৯টি সোনা জিতেছেন, তবে তার চেয়েও বড় কথা, সোনা জিতেছেন পর পর চারটি গেমসে। বোল্টও এমন তিনটি-চারটি গেমসে অংশ নেওয়ার পরই নাকি তাঁকে কিংবদন্তি বলার কথা ভাববেন রগ।লন্ডন অলিম্পিকের প্রাণপুরুষ ও সাবেক অলিম্পিক চ্যাম্পিয়ন সেবাস্টিয়ান কো দ্বিমত করছেন। পরিষ্কার বলে দিয়েছেন, ‘উসাইন বোল্ট অবশ্যই কিংবদন্তি—আর কেউ পর পর দুবার ১০০ ও ২০০ মিটার জেতেনি।’রগ আর কো-র দুই রকম মতের কারণেই প্রশ্নটা উঠছে, কিংবদন্তির সংজ্ঞাটা আসলে কী? ব্যক্তি কার্ল লুইসকে নিয়ে বোল্টের আপত্তি থাকতে পারে। তবে কার্ল লুইস যে ট্র্যাক অ্যান্ড ফিল্ডের কিংবদন্তি, এটা নিয়ে তিনিও কোনো প্রশ্ন তুলবেন না। ১০০ মিটারে ২টি সোনা, ২০০ মিটারে ১টি, রিলেতে ২টি—সঙ্গে লংজাম্পে টানা চারটি গেমসে সোনা। লুইসের ক্ষেত্রে পদকের সংখ্যা ও দীর্ঘ সময় নিজেকে ধরে রাখার দুটি গুরুত্বপূর্ণ উপাদানই মিলে যাচ্ছে। কিন্তু এটাই কি কিংবদন্তি হওয়ার একমাত্র পূর্বশর্ত? তা হলে জেসি ওয়েন্স কীভাবে কিংবদন্তি? বব বিমন?অলিম্পিকে বব বিমনের একটাই সোনা। এক সোনা জিতেই, বরং বলা ভালো একটা লাফ দিয়েই তো তিনি কিংবদন্তি হয়ে গেছেন। ১৯৬৮ মেক্সিকো অলিম্পিকে লংজাম্পে মানবজাতির ইতিহাসে প্রথম ২৯ ফুট পেরোনো লাফ। কিন্তু তাতেই কিংবদন্তি হয়ে যাবেন কেন বিমন? সেই অলিম্পিকেই তো ১০০ মিটারে প্রথম ১০ সেকেন্ডের ব্যারিয়ার ভাঙলেন জিম হাইনস। কই, কিংবদন্তি হিসেবে কেউ তো তাঁর নাম বলে না।বিমন কিংবদন্তি তাঁর কীর্তির বিশালত্ব বিবেচনায়। তাঁর ওই লাফের আগে ৪০ বছরে লংজাম্পের রেকর্ড ৫৫ সেন্টিমিটার বেড়েছিল। বিমন এক লাফেই তা বাড়িয়ে দিয়েছেন। ৮.৯০ মিটারের (২৯ ফুট ২.৩ ইঞ্চি) ওই লাফ মাপতে টেপ ফিতা ব্যবহার করতে হয়েছিল। কারণ এতটা কেউ লাফাতে পারে, এটা কল্পনাতেও না থাকায় ইলেকট্রনিক মাপনযন্ত্রে তা মাপার ব্যবস্থা ছিল না। বব বিমনের ওই বিশ্ব রেকর্ড টিকে ছিল ২৩ বছর। অলিম্পিক রেকর্ডটা এত বছরেও ভাঙেনি।কার্ল লুইসকে যতটা অপছন্দ করেন, জেসি ওয়েন্সকে ঠিক ততটাই, সম্ভবত তার চেয়েও বেশি পছন্দ করেন বোল্ট। এমন কেউ কি আছে যাঁর মতো হতে চান—প্রশ্নের উত্তরে এই একটা নামই বলেছেন। জেসি ওয়েন্সকে রগও নিশ্চয়ই কিংবদন্তি হিসেবে মানবেন। কিন্তু তাঁর কীর্তিও তো একটা অলিম্পিকেই। ১৯৩৬ বার্লিন অলিম্পিকে ওয়েন্সের চার সোনা (১০০, ২০০, ৪–১০০ রিলে ও লংজাম্পে), ট্র্যাক অ্যান্ড ফিল্ডে যা একবারই আর কেউ করতে পেরেছেন। ১৯৮৪ লস অ্যাঞ্জেলেস গেমসে কার্ল লুইস।ওয়েন্সকে কিংবদন্তি বানিয়েছে তাঁর সময়। হিটলারের অনেক গুণের মধ্যে বর্ণবাদও ছিল। তাঁর কাছে বার্লিন অলিম্পিকটা ছিল শ্বেতাঙ্গদের শ্রেষ্ঠত্ব প্রমাণের একটা মাধ্যম। জেসি ওয়েন্স সেই চিন্তায় একটা চপেটাঘাত। শুধু ওই চার সোনা নয়, তাঁর কিংবদন্তি হওয়ায় এরও বড় ভূমিকা।জ্যাক রগ বলেছেন, বোল্টের ক্যারিয়ারের বিচার হবে তা শেষ হওয়ার পর। কিন্তু আজই যদি বোল্ট অবসরের ঘোষণা দিয়ে ফেলেন, তা হলেও তো তাঁকে কিংবদন্তি বলেই মানতে হবে। সেটি শুধু ২০০ মিটারে প্রথম দুটি সোনা জিতেছেন বলে নয়, পরপর দুই অলিম্পিকে ‘স্প্রিন্ট ডাবল’-এর প্রথম কীর্তির জন্যও নয়। বোল্টের প্রবল আকর্ষণী ক্ষমতার কারণেও। যেটিকে বলে এক্স-ফ্যাক্টর। সব চ্যাম্পিয়নের এটা থাকে না। বোল্টের এমনই আছে, তাঁর টানেই গ্যালারি টইটম্বুর হয়ে ওঠে। তিনি যা-ই করেন, তাতেই মন্ত্রমুগ্ধ হয়ে থাকে দর্শক। ‘উসাইন’ ‘উসাইন’ চিৎকার ওঠে। ডেকাথেলনে দুবার অলিম্পিক সোনাজয়ী মাত্র দ্বিতীয় অ্যাথলেট (প্রথম বব ম্যাথিয়াস) ড্যালি টমসনকে তাই বলতে হয়, ‘উসাইন বোল্ট না এলে গত কয়েক বছরে আমাদের খেলাটা তলিয়ে যেত।’ এখনই ট্র্যাক অ্যান্ড ফিল্ড থেকে বোল্টকে সরিয়ে নিয়ে দেখুন না, আগ্রহটা কেমন হারিয়ে যায়! ইতিহাসে খুব বেশি অ্যাথলেট সম্পর্কে এমন বলা যায় না।আর দৌড়টাও বোধ হয় তিনি ভালোই দেন। ১০০ মিটারে একসময় সকাল-বিকেল রেকর্ড ভাঙত। বোল্টের ৯.৫৮ টিকে আছে আজ তিন বছর। ২০০ মিটারে ১৯.১৯-ও তা-ই। অথচ বেইজিংয়ে প্রথম ওই রেকর্ড ভাঙার (১৯.৩০) আগে মাইকেল জনসনের ১৯.৩২ কোনো দিন ভাঙবে কি না, তা নিয়ে কী তুমুল আলোচনা!রগ যা ইচ্ছা বলতে পারেন, উসাইন বোল্ট এখনই কিংবদন্তি। তাঁকে চাক্ষুষ দেখার সুযোগ যাঁদের হয়েছে, নাতিনাতনিদের কাছে গল্প করার সময় নিশ্চিন্তে বলতে পারবেন—‘আমি কিংবদন্তির কথা বলতে এসেছি!’