কাগজে-কলমে আবাহনী সেরা
পর্দার আড়ালে দলগুলো ঘর গুছিয়ে ফেলেছে অনেক আগেই। আজ শুরু ফুটবলারদের দলবদলে তাই কোনো চমক থাকছে না।তবে একটা পরিবর্তন লক্ষণীয়—গতবার তারায় তারায় খচিত দল গড়েছিল শেখ জামাল। এবার আবাহনী ও মুক্তিযোদ্ধা মিলে শেখ জামালের মেরুদণ্ড ভেঙে দিয়েছে। কাগজে-কলমে আবাহনী-মুক্তিযোদ্ধাই গড়ছে সেরা দল। সব মিলিয়ে এক নম্বরের তকমা দেওয়া উচিত আবাহনীকে।সুজন, ওয়ালি, নাসির, জাহিদ, এনামুল, শাহেদকে শেখ জামাল থেকে নিয়ে এসেছে আকাশি-নীলরা। সঙ্গে আসছেন মুক্তিযোদ্ধার আরমান আজিজ, ফেনী সকারের তৌহিদ। থাকছেন প্রাণতোষ, জিয়া, সিরাজী, লিঙ্কন, নজরুল, সৈকত, মামুন মিয়া, চৌমরিন রাখাইন, জিতু, রনি, রবিন। আবাহনী ছেড়েছেন মূলত বেঞ্চে কাটানো আবুল, পারভেজ, আলফাজ, অরূপ, সোহাগরা। খেলা ছেড়ে দিয়েছেন উজ্জ্বল। তাতে প্রথম তিনটি বাংলাদেশ লিগ এবং গতবারের লিগের রানার্সআপ আবাহনীর গায়ে আঁচড় পড়েনি।আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস জানালেন, ‘আমরা যেভাবে টিম করতে চেয়েছি, অনেকটাই সফল হয়েছি।’ শেখ রাসেলের কোচ মারুফুল হক তো বলে দিচ্ছেন, ‘সব দিক বিবেচনায় এবার কাগজের শক্তিতে আবাহনীই এগিয়ে। প্রতিটি পজিশনে ভালো ব্যাকআপ আছে।’মুক্তিযোদ্ধা এখানেই আবাহনীর চেয়ে পিছিয়ে। গতবারের দল থেকে বিপ্লব, রজনী, মতিউর মুন্না, আরমান আজিজ, জাহিদ পারভেজ, রনিরা বেরিয়ে গেছেন। শূন্যস্থান পূরণে লাল-সাদারা শেখ জামাল থেকে নিয়েছে জাতীয় দলের—আরিফ, রেজাউল, শাকিল, মামুনুল, এমিলি। সঙ্গে শেখ রাসেলের গোলরক্ষক মামুন খান।গতবারের বড় বাজেটের দল মুক্তিযোদ্ধা ছিল শিরোপাহীন। সেই দলের টিটু, কাঞ্চন, বিদ্যুৎ, মারুফ, মিঠুন, নাসির, সৈকত, জহিরুল, ওবায়দুর, সুইট থাকছেন। ডিফেন্ডার টিটু তো এবারের দল নিয়ে খুবই আশাবাদী, ‘গতবারের তুলনায় এবার তারুণ্যনির্ভর এবং শক্তিশালী দল হয়েছে আমাদের। আবাহনীর প্রতিটি পজিশনে একাধিক ভালো খেলোয়াড় আছে, কিন্তু সামগ্রিকভাবে আবাহনীর চেয়ে আমরা পিছিয়ে নেই।’শেখ জামালের গল্পটা এবার ভিন্ন। গতবার অভিষেকে বাংলাদেশ লিগ জিতেছিল দলটি। যদিও পাতানো খেলার দায়ে সেটি বিতর্কিত এবং কালিমালিপ্ত হয়ে গেছে। এবার আবাহনীতে ছয়জন নাম লেখাচ্ছেন। পাঁচজন মুক্তিযোদ্ধায়। এ যেন ভাঙা হাট! কয়েকজন তরুণকে নিয়ে পতাকাটা ধরে রেখেছেন আমিনুল।শেখ জামাল দলে নিয়েছে মোহামেডানের শরিফ, শেখ রাসেলের রাজু, ফরাশগঞ্জের সোহেল, ভাসানী, আরামবাগের সাইফুল্লাহ, ফেনী সকারের সোহেল রানা ও পিরু, ব্রাদার্সের ইমরুল, ইউসুফ আলীকে। আমিনুলের সঙ্গে থাকছেন মিশু, মিন্টু শেখ, কোমল, সবুজ। আজই নিবন্ধনপ্রক্রিয়া শেষ করতে পারে শেখ জামাল।গত মৌসুমের অধিনায়ক আমিনুল বলছেন, ‘আমাদের এবারের দলটা ভালোই হয়েছে। গতবারের বিদেশি ফেমি, ইয়াকু এবং ব্রাদার্সের এভারটন আছে। লড়াইয়ে ভালোভাবেই থাকব আশা করি।’শেখ রাসেল দলটা খারাপ হয়নি। শিরোপা লড়াইয়ে থাকার মতো অবশ্যই। এসেছেন মুক্তিযোদ্ধার বিপ্লব, বুকোলা, জাহেদ পারভেজ, ইয়ামিন মুন্না, মোহামেডানের আনোয়ার, ব্রাদার্সের ফয়সাল মাহমুদ। থাকছেন ইমন বাবু, মানিক, উত্তম, আমিনুল। কোচ মারুফুল হক বলছেন, ‘আমার দল অবশ্যই লড়াইয়ে থাকবে।’মোহামেডানের দুরবস্থা কাটেনি। সেই অনুজ্জ্বলই। নতুন পরিচালনা পর্ষদ আসার অনেক আগেই এই দল করতে হয়েছে। গতবার ছিল অখ্যাত নবীনদের দল, এবারও জাতীয় দলের কোনো খেলোয়াড় নেই। আগের ২৩ জন থেকে এবার আছেন ৮ জন। নতুন ১২ জন।কুড়িয়ে-কাচিয়ে পাওয়া রজনী, মতিউর মুন্না, মোবারকদের নিয়েছে মোহামেডান। থাকছেন হাসান আল মামুন। অনূর্ধ্ব-১৯ দলের চারজনকে নেওয়া হয়েছে। কোচ শফিকুল ইসলামের কথা, ‘বিদেশি খেলোয়াড়ের কোটা কয়টা হয়, কেমন বিদেশি আনতে পারি আমরা, সেটির ওপর আমাদের দৌড় নির্ভর করবে।’ নবাগত বিজেএমসি দলটা সাদামাটাই। আবাহনীর আলফাজ, আবুল, আবদুল্লাহ পারভেজরা যাচ্ছেন এই দলে। ব্রাদার্সও বর্ণহীন।এবার খেলোয়াড়দের দাম উঠেছে ২০-২২ লাখ টাকা পর্যন্ত। ভালো অঙ্কের টাকা পাওয়া খেলোয়াড়ের সংখ্যা আগের চেয়ে বেশি। এটাই সবচেয়ে উল্লেখযোগ্য দিক।