কাচ ভাঙা নিয়ে প্রায়রের বিড়ম্বনা
ঘটনা সামান্যই ছিল। কিন্তু ইংলিশ মিডিয়ার জল-হাওয়ায় দ্রুতই তা ডালপালা মেলতে শুরু করল। সাইবারজগতে কেউ কেউ তো এ ঘটনাকে ব্যঙ্গ করে ‘উইনডোগেট’ নামও দিয়ে ফেলল।রানআউটের হতাশা প্রকাশ করতে গিয়ে ড্রেসিংরুমের জানালার কাচ ভেঙে ফেলা, আর সেই ভাঙা কাচে খেলা দেখতে আসা এক মহিলা দর্শক আহত হওয়ায় এবার শাস্তিও পেতে চলেছেন ম্যাট প্রায়র। এ ঘটনার জন্য ইংলিশ ড্রেসিংরুমের পাশেই বসা এমসিসি সদস্যদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন, কিন্তু ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দৃষ্টিতে আচরণবিধি ভেঙেছেন ইংলিশ উইকেটরক্ষক। শুনানিতেও যেতে হয়েছে প্রায়রকে। অবশ্য এমন ঘটনা এই প্রথম ঘটালেন, আর নেহাতই দুর্ঘটনাবশত এটি ঘটেছে বলে জরিমানা করা হয়নি তাঁকে। যদিও ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও হতে পারত তাঁর। বিশ্বকাপ চলার সময় টিভি ভেঙে একই পরিমাণ জরিমানা গুনেছিলেন রিকি পন্টিং।মিডিয়ায় এ নিয়ে যাতে বেশি জলঘোলা না হয়, এ ব্যাপারে সচেষ্ট অ্যান্ড্রু স্ট্রাউসও। ইংলিশ অধিনায়ক বেশ জোরের সঙ্গে বলেছেন, ঘটনা লর্ডসে শুরু, লর্ডসেই শেষ, ‘এটা স্রেফ একটা দুর্ঘটনা ছিল। সে তো ইচ্ছে করে জানালায় কিছু ছুড়ে মারেনি। আমাদের দৃষ্টিতে এটা এখন অতীতের একটা ঘটনা।’ পরশু প্রায়রকে সঙ্গে নিয়ে স্ট্রাউসও এসেছিলেন ওই আহত দর্শকের কাছে ক্ষমা চাইতে। সেদিন ম্যাচ শেষে সাংবাদিকদের অধিনায়ক বলেছেন, এ ঘটনার জন্য প্রায়র খুবই অনুতপ্ত। এএফপি।