কাজ চলছে তবু সন্তুষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বিভাগীয় প্রশাসন থেকে শুরু করে সর্বস্তরের কর্মকর্তারা এখন ব্যস্ত বিশ্বকাপ ক্রিকেটকে নিয়ে। পুলিশ, ওয়াসা, সিটি করপোরেশন, পিডিবি, সিডিএ, জাতীয় ক্রীড়া পরিষদ, বাংলাদেশ ক্রিকেট বোর্ডসহ বিভিন্ন সংস্থা নিজেদের কাজ নির্দিষ্ট সময়ে শেষ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। কিন্তু কাজের অগ্রগতি কী? তা নিয়ে নানা প্রশ্ন থাকছেই। তবে বিশ্বকাপের স্থানীয় আয়োজক কমিটির (এলওসি) আহ্বায়ক দেওয়ান শফিউল আরেফিন (টুটুল) গতকাল কাজের সার্বিক অগ্রগতিতে সন্তুষ্টি প্রকাশ করলেন। স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘বিশ্বকাপের ১৩টি ভেন্যুর মধ্যে প্রস্তুতির দিক থেকে আমাদের ঢাকার শেরেবাংলা ও চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম প্রথম দিকে রয়েছে। দেড় মাস আগে আইসিসি প্রতিনিধিদল আমাদের বাকি কাজের জন্য কিছু নির্দেশনা দিয়ে গিয়েছিল। আমরা সেগুলো সে অনুযায়ী অনেকটাই সম্পন্ন করতে পেরেছি।’বিশ্বকাপ ফাইনালের ভেন্যু মুম্বাই ও শ্রীলঙ্কার একটি ভেন্যু নিয়েও আইসিসি এখনো অসন্তুষ্ট, কিন্তু বাংলাদেশের ভেন্যু নিয়ে সে রকম কোনো আপত্তি আইসিসির নেই বলে জানানো হয়।শফিউলের যে সামান্য শঙ্কা আছে তা স্টেডিয়ামে প্রবেশের মূল সড়ক নিয়ে, ‘স্টেডিয়ামে প্রবেশের মূল সড়কটা নিয়ে আমরা শঙ্কিত ছিলাম। সিডিএ এই কাজ করছে। আর অসম্পূর্ণ সার্কুলার সড়কটি সিটি করপোরেশন করছে। তারা আমাদের জানিয়েছে, ৬ তারিখের মধ্যে কাজ শেষ করতে পারবে।’তবে ব্রিফিংয়ের দুই ঘণ্টা পর এই দুটি প্রকল্প এলাকা ঘুরে যা দেখা গেছে তাতে আশাবাদী হওয়া যাচ্ছে না। সিডিএ কর্তৃপক্ষ এসব কাজ শেষের সম্ভাব্য তারিখ ধরে রেখেছে মধ্য ফেব্রুয়ারি। এসব বিষয় নিয়ে শফিউল সিডিএ ও সিটি করপোরেশনের সঙ্গে বৈঠকও করবেন, পাশাপাশি বসবেন নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশের সঙ্গেও।ভেন্যুর ভেতরের কাজ নিয়ে সন্তোষ প্রকাশ করা হয়েছে। জহুর আহমেদ স্টেডিয়ামের সাতটি উইকেট প্রস্তুত। খেলা হবে তিন, চার ও পাঁচ নম্বর উইকেটে। তবে ভেন্যুর দ্বিতল গ্যালারিতে চেয়ার বসানো হয়ে গেলেও এখনো চলছে আস্তরণের কাজ। দর্শকদের মাঠে আসার ক্ষেত্রে নানা বিধিনিষেধ থাকবে। কিন্তু দর্শকদের যাতে কালোবাজারির হাত থেকে টিকিট নিয়ে খেলা প্রস্তুতি ম্যাচ দেখতে না হয় সেজন্য বিলম্বে টিকিট দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে। তবে কানাডার সঙ্গে প্রস্তুতি ম্যাচ ছাড়া বাকি দুটি ম্যাচের টিকিট ইতিমধ্যে শেষ বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে।