কাজ না করেই ৬০ লাখ পাউন্ড!
ক্লাব ফুটবলে কোচদের ঈর্ষণীয় বেতন তো সবার জানাই। কাজ করলে আকাশছোঁয়া বেতন তো তাঁরা পানই। কাজ না করলেও কখনো পেয়ে যেতে পারেন কাঁড়ি কাঁড়ি টাকা। কার্লো আনচেলত্তি যেমন পাচ্ছেন। চেলসি সদ্য ছাঁটাই করা এই কোচকে ৬০ লাখ পাউন্ড (প্রায় ৭২ কোটি টাকা) অতিরিক্ত দিয়েছে। শর্ত একটাই—আগামী ১২ মাসের মধ্যে এই ইতালিয়ান ইংলিশ প্রিমিয়ার লিগের অন্য কোনো ক্লাবে যোগ দিতে পারবেন না।এর আগে হোসে মরিনহোর বিদায়ের সময়ও এমন একটা শর্ত জুড়ে দিয়েছিল চেলসি। কারণটা পরিষ্কার, দুই বছর কাজ করায় চেলসির হাঁড়ির খবর খুব ভালোভাবেই জানেন আনচেলত্তি। এখন ‘শত্রুশিবিরে’ যোগ দিলে সেটি চেলসির জন্য সমস্যাই হবে।আনচেলত্তি এরই মধ্যে আরেক ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন। তখন অবশ্য চেলসির সঙ্গে তাঁর এই সমঝোতার কথা বলেননি। বলেছিলেন, দীর্ঘদিন ধরে টানা কাজ করে যাচ্ছেন। এখন এক বছরের জন্য ছুটি কাটাবেন। এদিকে চেলসির নতুন কোচ হিসেবে গাস হিডিঙ্কের নাম দিন দিন বেশি জোরালোভাবে শোনা যাচ্ছে। এর আগেও ভারপ্রাপ্ত কোচ হিসেবে চেলসিতে কাজ করে গেছেন এই ডাচ। হাওয়ায় গুঞ্জন, মালিন রোমান আব্রামোভিচের কাছের মানুষ হিসেবে পরিচিত হিডিঙ্ক তুরস্কের দায়িত্ব থেকে অব্যাহতি পেলেই নাকি যোগ দেবেন স্টামফোর্ড ব্রিজে। ওয়েবসাইট।