কাজটা সহজ হবে না জানেন স্যামি

স্বপ্ন দেখতে জানেন। বাস্তবতার সঙ্গে তাল মেলানোও জানা আছে তাঁর। ড্যারেন স্যামি যেন ‘একের মধ্যে দুই’। টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখছেন। আবার বাস্তবতা মেনে বলছেন, ‘কাজটা সহজ হবে না।’
শ্রীলঙ্কায় গত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতা সহজ ছিল না ওয়েস্ট ইন্ডিজের জন্য। অস্ট্রেলিয়ার সঙ্গে নিজেদের প্রথম ম্যাচে ডাকওয়ার্থ-লুইসে হার। বৃষ্টির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে গ্রুপের পরের ম্যাচ পরিত্যক্ত। ওয়েস্ট ইন্ডিজের সুপার এইটে জায়গা পেয়েছিল ভাগ্যের জোরে, আয়ারল্যান্ডের চেয়ে শ্রেয়তর রান রেটে।
সুপার এইটেও নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচটা টাইয়ের পর সুপার ওভারে জিতে জায়গা পেয়েছিল সেমিফাইনালে। শেষ দুটি ম্যাচে অবশ্য সেরাটা তুলে ধরেই শিরোপা জিতেছিল ড্যারেন স্যামির দল। তাই এবার আলাদা নজর থাকবে ওয়েস্ট ইন্ডিজের ওপর। তবে শিরোপা ধরে রাখা সহজ হবে না বলেই মনে করেন স্যামি, ‘বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার অনুভূতি দারুণ। কিন্তু সেটা অতীত। আমরা যখন বাংলাদেশে লড়াইয়ে নামব, তখন তা হবে নতুন সূচনা।’
সেই লড়াইয়ে আবারও শেষ হাসি হাসবেন বলে আশাবাদী স্যামি, ‘শ্রীলঙ্কায় সবাই যা করেছিল, সেটাই প্রত্যেককে আবার করতে হবে। দলীয়ভাবে খেলতে হবে, দেশের মানুষের জন্য খেলতে হবে এবং লক্ষ্য থাকবে শিরোপা জেতা। এবার শিরোপা ধরে রাখার লড়াই। ছেলেরাও অনেক আত্মবিশ্বাসী। শিরোপা ধরে রাখতে কঠোর পরিশ্রম করছে ওরা।’
সদ্য শেষ হওয়া এশিয়া কাপের খেলার অভিজ্ঞতা আর চেনা কন্ডিশনের কারণে উপমহাদেশের দলগুলোকে এগিয়ে রাখছেন অনেকে। তবে গেইল, ব্রাভো, নারাইনের মতো টি-টোয়েন্টির ডাকসাইটে ক্রিকেটাররা ওয়েস্ট ইন্ডিজ দলে। দলের বেশির ভাগ ক্রিকেটারের আইপিএল খেলার অভিজ্ঞতা টি-টোয়েন্টি বিশ্বকাপেও খুব কাজে দেবে বলে বিশ্বাস স্যামির, ‘অন্তত ১২ জন ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটার আইপিএলে খেলেছে। আমার মনে হয় এটা আমাদের জন্য একটা ভালো দিক। গেইল, ব্রাভো, নারাইনরা আইপিএলের দুর্দান্ত ক্রিকেটার। এদের সবাইকে এক দলে পাওয়া আমার জন্য দারুণ আনন্দের।’
তবে একই সঙ্গে চোটের কারণে কাইরন পোলার্ডের দলে না থাকার আফসোসও আছে ওয়েস্ট ইন্ডিয়ান অধিনায়কের, ‘আমরা পোলার্ডকে খুব মিস করব। সে টি-টোয়েন্টির খুব অভিজ্ঞ খেলোয়াড়দের একজন।’ পোলার্ডের অভিজ্ঞতা হয়তো পাবেন না স্যামি, তবে টি-টোয়েন্টি বিশ্বকাপ ধরে রাখার ‘গোলাবারুদ’ কিন্তু তাঁর হাতে আছে। ওয়েবসাইট।