কাজাখদের পোস্টে ২৬ গোল!
৩৬ মিনিটের খেলা। প্রতি ১২ মিনিট পর পর দুই মিনিটের বিরতি। সিঙ্গাপুরে চলমান ফাইভ ‘এ’ সাইড এশিয়া কাপ যুব হকিতে একটা উৎসবের আমেজ আছে। কাজাখস্তানকে কাল ২৬-১ গোলে হারিয়ে এই উৎসবে আরও রং চড়াল বাংলাদেশ। গোলবন্যার ম্যাচে যুবদল কাল গড়ে প্রায় দেড় মিনিট পর পর একটি করে গোল দিয়েছে! বিধ্বংসী এই জয়ে সেমিফাইনালটা প্রায় নিশ্চিত করে ফেলেছে বিকেএসপির তরুণেরা। গত দুই ম্যাচের নায়ক ইমন কালও স্টিক হাতে ছিল দুর্বার, করেছে সর্বোচ্চ ৫ গোল। টুর্নামেন্টে ৩ ম্যাচে তাঁর ১১ গোল। ৪টি করে গোল করেছে অধিনায়ক রেজাউল করিম, নাঈম উদ্দিন ও আশিক মাহমুদ। ৩টি করে গোল আশরাফুল ও রোমানের। রাকিনের ২টি ও রায়হানের গোল ১টি। এর আগে পরশু টানা দুটি ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ যুব হকি দল। প্রথমে সিঙ্গাপুরকে ৭-২ গোলে হারানোর পর দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়াকে হারায় ৬-৩ গোলে। আজ গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ কোরিয়ার বিপক্ষে। আজ কোরিয়াকে হারাতে পারলেই শেষ চার নিশ্চিত বাংলাদেশের। তবে ড্র করলেও গোল গড়ে এগিয়ে থাকার সুবাদে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা বেশি বাংলাদেশেরই। এখন পর্যন্ত ৩ ম্যাচে সর্বোচ্চ ৪০ গোল পাকিস্তানের। সমান ম্যাচে বাংলাদেশের গোল ৩৯টি। টানা তিন ম্যাচে জয়। বিকেএসপির তরুণদের পারফরম্যান্সে মুগ্ধ কোচ কাওসার আলী কাল টেলিফোনে সিঙ্গাপুর থেকে বললেন, ‘কাজাখস্তানের বিপক্ষে জয়টা প্রত্যাশিতই ছিল। কিন্তু আমরা এত বেশি গোলে জিতব, ভাবিনি।’ আজও জয়ের প্রত্যাশাই করছেন কোচ।