কাজানের ‘মিশন বার্সেলোনা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান...। বড় বড় সব দলের লড়াই। রুবিন কাজান বা কোপেনহেগেনের মতো দলগুলোর এখানে আলোয় থাকার কথা নয়। এরা নীরবেই চ্যাম্পিয়নস লিগে আসে, চলেও যায় নীরবে। তবে আজ প্রথম চার গ্রুপের গ্রুপ পর্বের শেষ দিনের লড়াইয়ে পাদপ্রদীপের আলো পড়ছে এ দুটি দলের ওপরও।প্রথম চার গ্রুপ থেকে যে আটটি দল নকআউট পর্বে যাবে তার ৭টিই ঠিক হয়ে গেছে আগের রাউন্ডে। বাকি আছে একটি দল। আর সেই জায়গাটি নিয়ে লড়াই ‘ডি’ গ্রুপের এ দুটি দলের। আজ তারা মুখোমুখি হচ্ছে না। তবু আজকের আটটি ম্যাচের মধ্যে মূল লড়াইটা তো রুবিন কাজান ও কোপেনহেগেনেরই।পারস্পরিক লড়াইয়ে এগিয়ে থাকছে কোপেনহেগেনই। কাজান আজ খেলতে যাচ্ছে বার্সেলোনার মাঠে। আর কোপেনহেগেন নিজেদের মাঠে খেলবে তুলনামূলক বিচারে সমান শক্তির প্যানাথিনাইকসের বিপক্ষে।তবে কাজানকে আপনি অবহেলা করতে পারেন না। বার্সেলোনা ৩ বার ইউরোপ-সেরার মুকুট পরেছে। আর রাশিয়ার ক্লাবটি চ্যাম্পিয়নস লিগেই এ নিয়ে খেলছে দ্বিতীয়বারের মতো। দুই দলের মধ্যে মেরু-ব্যবধান। কিন্তু মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে বিস্ময়করভাবে এগিয়ে কাজান।চ্যাম্পিয়নস লিগে দল দুটি মুখোমুখি হয়েছে ৩ বার। দুটি ম্যাচ হয়েছে ড্র, বাকি ম্যাচটিতে কাজান হারিয়ে দিয়েছে বার্সেলোনাকে। তাই বার্সেলোনার মাঠে অন্য যেকোনো দলই যখন একটা ভয় নিয়ে খেলতে যায়, কাজান যাচ্ছে আত্মবিশ্বাসে টইটম্বুর হয়ে। বার্সেলোনার বিপক্ষে ২০০৯ সালে পাওয়া জয়টি যে ন্যু ক্যাম্পেই।কাজানের অধিনায়ক ক্রিস্টিয়ান নোবোয়া তো বলেই দিয়েছেন, ‘এই ম্যাচে বার্সাকে হারানো ছাড়া আর কিছুই করার নেই আমাদের। আর আমার বিশ্বাস, গত মৌসুমে আমরা যা করতে পেরেছিলাম, এবারও তাই পারব।’ প্যানাথিনাইকসের বিপক্ষে ঠিক একই মনোভাব নিয়ে নামবে কোপেনহেগেনও। তবে কাজান-কোপেনহেগেন দুটি দলই যদি হেরে যায়, তাহলে শেষ ষোলোয় উঠবে কোপেনহেগেনই। কারণ কাজানের চেয়ে এক পয়েন্ট এগিয়ে আছে তারা। ৫ ম্যাচ শেষে কাজানের পয়েন্ট ৬, কোপেনহেগেনের ৭।অন্য গ্রুপে নকআউট পর্বে ওঠার লড়াই নেই। তবে আছে শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করার লড়াই। সেদিক দিয়ে আজ ‘সি’ গ্রুপের দুই শীর্ষ দল ম্যানইউ ও ভ্যালেন্সিয়ার ম্যাচটি জমজমাট হওয়ার কথা। ১৩ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ‘রেড ডেভিল’রা।‘এ’ গ্রুপে টটেনহাম হটস্পার ও ইন্টার মিলানের পয়েন্ট সমান ১০। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শীর্ষে আছে ‘স্পার’রা। টটেনহামকে সরিয়ে গ্রুপ শীর্ষে যেতে হলে স্বাগতিক ভেরডার ব্রেমেনের বিপক্ষে বিশাল জয় পেতে হেবে ইন্টারকে। কিন্তু ব্রেমেন সহজে ছাড়বে কেন? সব হারানো ব্রেমেনের জন্য এ ম্যাচ যে একটু সম্মান উদ্ধারের লড়াই। এএফপি, রয়টার্স।