কাজে নামছে বিপিএল কমিটি
বিপিএলের দেনা-পাওনার জটিলতা মেটানোর কমিটি আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবে আজ। এর আগে গতকাল এক অনানুষ্ঠানিক সভায় বসেছিলেন কমিটির তিন সদস্য।কমিটির সদস্য বিসিবির সহসভাপতি আহমেদ সাজ্জাদুল আলম জানিয়েছেন, আজ সকালে প্রথমে তাঁরা বিপিএল গভর্নিং কাউন্সিলের সঙ্গে সভায় বসবেন। এরপর একসঙ্গে বসবেন বিপিএল গভর্নিং কাউন্সিল এবং গেম অনের সঙ্গে। আগামীকাল থেকে পর্যায়ক্রমে বসার কথা বিপিএলের ছয় ফ্র্যাঞ্চাইজির সঙ্গেও।গতকাল মূলত নিজেদের কর্মপদ্ধতিই ঠিক করেছে কমিটি। বিপিএলের বিভিন্ন পক্ষের বিভিন্ন রকম দাবি যাচাই করে দেখবেন তাঁরা। গভর্নিং কাউন্সিল, গেম অন, ফ্র্যাঞ্চাইজি এবং খেলোয়াড়েরা ছাড়াও দাবি-দাওয়া আছে বিপিএল-সংশ্লিষ্ট বিসিবির আম্পায়ার, স্কোরার এবং অন্য কর্মকর্তা-কর্মচারীদের। বিপিএল থেকে এখনো তাঁদের কেউই পাননি প্রতিশ্রুত পারিশ্রমিক। যাচাই-বাছাইয়ে আসবে এসব বিষয়ও।ওদিকে ১ নভেম্বরের সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস এক সপ্তাহের মধ্যে কমিটিকে সিদ্ধান্ত জানাতে হবে বললেও কাল আহমেদ সাজ্জাদুল আলম বললেন ভিন্ন কথা, ‘বোর্ড সভায় আমাদের কোনো সময় বেঁধে দেওয়া হয়নি। বলা হয়েছে যত দ্রুত সম্ভব সিদ্ধান্ত দিতে। সেটা করতে এক সপ্তাহের কম সময় লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে।’