কাজে ফিরেছেন ভিলানোভা
জানুয়ারির মাঝামাঝি সময়ে ফিরতে পারেন টিটো ভিলানোভা—বার্সেলোনার পক্ষ থেকে এমনটাই বলা হচ্ছিল। তবে প্রত্যাশিত সময়ের বেশ আগেই দায়িত্ব বুঝে নিয়েছেন বার্সা কোচ।বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, গতকাল বুধবার সকালে বার্সার খেলোয়াড়দের সঙ্গে দেখা করেন ৪৪ বছর বয়সী ভিলানোভা। বিকেলে দলের সঙ্গে অনুশীলনেও অংশ নেন। বার্সার পক্ষ থেকেও এ খবর নিশ্চিত করা হয়েছে।মুখের লালাগ্রন্থিতে আবারও ক্যানসারের কোষ ধরা পড়ায় গত ২০ ডিসেম্বর বার্সেলোনার একটি হাসপাতালে জরুরি অস্ত্রোপচার হয় ভিলানোভার। দুই দিন হাসপাতালে কাটিয়ে বাসায় ফেরেন তিনি। সফল অস্ত্রোপচারের পর থেকে তাঁকে কেমোথেরাপি ও রেডিওথেরাপি দেওয়া হচ্ছে।গত ২৭ এপ্রিল সংবাদ সম্মেলনে বার্সেলোনা থেকে বিদায় নেওয়ার ঘোষণা দেন পেপ গার্দিওলা। নিজেদের ইতিহাসে সেরা এই কোচের উত্তরসূরি নির্বাচন করতে এতটুকু সময় নেয়নি বার্সা। গার্দিওলার বিদায় ঘোষণার সঙ্গে সঙ্গে তাঁর সহকারী টিটো ভিলানোভাকে নতুন কোচ হিসেবে ঘোষণা করে স্প্যানিশ জায়ান্টরা।চার বছরে বার্সেলোনাকে ১৪টি শিরোপা এনে দেন গার্দিওলা। ভিলানোভা বার্সার দায়িত্ব নেওয়ার সময়ই স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছিল—তিনি কী পূর্বসূরি গার্দিওলার সফলতার ধারাবাহিকতা ধরে রাখতে পারবেন?ভিলানোভা পেরেছেন। তাঁর অধীনে লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়ে এগিয়ে চলেছে বার্সেলোনা। লিগে এখন পর্যন্ত ১৭ ম্যাচে ১৬টিতে জয়, একটিতে ড্র। লিগের তিন ভাগের এক ভাগ যেতে না যেতেই শিরোপার সুবাস পাচ্ছে ভিলানোভার দল।