কাঠগড়ায় তিন খেলোয়াড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাভিদ আলম
নাভিদ আলম

কিছু খেলোয়াড়ের দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলেছেন আগেই। এবার নিজের প্রতিবেদনেও সেই অভিযোগ করলেন নাভিদ আলম।
এশিয়া কাপে বাংলাদেশ দলের ব্যর্থতার কারণ জানিয়ে কাল হকি ফেডারেশনের কাছে দেওয়া ১৬ পৃষ্ঠার প্রতিবেদনে পাকিস্তানি কোচ কাঠগড়ায় তুলেছেন তিনজন খেলোয়াড়কে। এঁরা হচ্ছেন রাসেল মাহমুদ (জিমি), কামরুজ্জামান রানা ও ইমরান আহমেদ (পিন্টু)।
প্রথমে অবশ্য এই প্রতিবেদকের কাছে কোনো খেলোয়াড়ের নাম বলতে চাননি নাভিদ আলম। হকি ফেডারেশনের একটি সূত্রে বিষয়টা নিশ্চিত হওয়ার পর সাবেক পাকিস্তানি ডিফেন্ডার মুখ খুললেন, ‘হ্যাঁ, জিমি, পিন্টু এবং রানার পারফরম্যান্স মানসম্মত ছিল না টুর্নামেন্টে। ওমান ম্যাচে ওদের কাছ থেকে মাঠে ত্রিশ ভাগের বেশি পাইনি।’
অনেকে যোগসূত্রও খুঁজে নিচ্ছেন। এই খেলোয়াড়দের মধ্যে জিমি ও রানার ওমান লিগে খেলার কথা ছিল। কাজেই তাঁরা সেদিন ইচ্ছে করে ভালো খেলেননি। যদিও এমন অভিযোগ উড়িয়েই দিয়েছেন জিমি, ‘প্রশ্নই আসে না।’ তাঁর বরং পাল্টা প্রশ্ন, ‘কারা এসব আবোলতাবোল কথা বলছে, বলুন তো?’
কোচ নাভিদ রাখঢাক রেখে বলেছেন, ‘টেকনিক্যাল, ট্যাকটিক্যাল স্কিল, শৃঙ্খলা এবং আরও কিছু বিষয়ের ঘাটতি লক্ষ করেছি ওদের মধ্যে। আমার ধারণা, কেউ হয়তো ওদের ব্যবহার করেছে।’ বাংলাদেশ কোচ এমন সন্দেহের ব্যাখ্যাও দিলেন, ‘বাংলাদেশের হকি এগিয়ে যাক, অনেকেই তা চায় না। তারাই হয়তো পেছন থেকে কলকাঠি নাড়তে পারে।’ পেছনের ইন্ধনদাতাদের খুঁজে বের করতেও হকি ফেডারেশনকে পরামর্শ দিয়েছেন তিনি।
তবে কোচের অভিযোগ শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়াই জানালেন জিমি, ‘উনি এখন গা বাঁচানো কথা বললে তো হবে না। নিজে খেলোয়াড়দের ঠিকভাবে ব্যবহার করতে পারেননি। আমাকে ব্যবহার করেছেন মাঝমাঠে, আমি তো মাঝমাঠের খেলোয়াড় নই। অথচ ওখানে ম্যাচের পর ডিভিও দেখে আমাকে বলেছিলেন, আমি আমার দায়িত্ব পালন করেছি। এক মুখে দুই কথা আশা করিনি।’
কামরুজ্জামান রানার কথা, ‘একজন খেলোয়াড় মাঠে নামে এক শ ভাগ দিতেই। আমি কোচের মন্তব্যের সঙ্গে মোটেও একমত নই।’
বাকি ১৫ খেলোয়াড়ের বিরুদ্ধে তেমন কোনো অভিযোগ আনেননি কোচ। তবে খেলোয়াড় ধরে ধরে সমস্যা তুলে ধরেছেন। কিন্তু প্রশ্ন আসছে, এই খেলোয়াড়েরাই তো সম্প্রতি আন্তর্জাতিক সাফল্য এনেছেন। চীনের মতো দলকে হারিয়েছেন। কিছুদিন আগে ওমানের বিপক্ষেও আছে ৫-১ গোলের বড় জয়। তাহলে নাভিদ দায়িত্ব নেওয়ার পর দলের এমন হতশ্রী অবস্থা কেন?
এই প্রশ্নে নাভিদ উত্তেজিত কণ্ঠে বললেন, ‘গতবার এশিয়া কাপে বাংলাদেশ অষ্টম হয়েছে, এবার সপ্তম। এতেও আমি সন্তুষ্ট হতে পারছি না, এটা দেখবেন না?’
নাভিদ অবশ্য ভুলই বলেছেন। গত এশিয়া কাপেও সপ্তমই হয়েছিল বাংলাদেশ। এবার প্রত্যাশাটা বেশি ছিল বলেই হতাশাটাও বেশি। লক্ষ্য ছিল পঞ্চম হওয়ার। কারও কারও কাছে সেটি একটু বাড়াবাড়ি চাওয়া মনে হলেও ষষ্ঠ হওয়াটা খুবই সম্ভব বলেই ভাবা হয়েছিল। কিন্তু ওমানের কাছে হারেই সেই স্বপ্ন ধুলিসাৎ। গ্রুপের বাকি দুটি ম্যাচেও বড় ব্যবধানে হার।
এই ফলের জন্য খেলোয়াড়েরা দিচ্ছেন কোচের দোষ। কোচের কাঠগড়ায় খেলোয়াড়েরা। বাংলাদেশের হকি জটিল এক আবর্তেই পড়ে গেছে।