কাঠগড়ায় ফিফা

পক্ষপাতিত্বের অভিযোগে ফিফাকে ধুয়ে দিলেন হল্যান্ড কোচ লুই ফন গাল ও যুক্তরাষ্ট্রের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান। নিয়ম অনুযায়ী গ্রুপপর্বের শেষ ম্যাচে ‘এ’ গ্রুপের ম্যাচগুলোই আগে হওয়ার কথা। এই গ্রুপে কে চ্যাম্পিয়ন আর কে রানার্সআপ হলো, সেটা দেখে ‘বি’ গ্রুপের দলগুলো দ্বিতীয় রাউন্ডের পরিকল্পনা সাজানোর সুযোগ থাকে। কিন্তু ব্রাজিল বিশ্বকাপে হলো ঠিক তার উল্টোটা। গতকাল ‘বি’ গ্রুপের ম্যাচগুলোই হলো আগে। ‘এ’ গ্রুপের ম্যাচগুলো পরে।
ফন গালের অভিযোগ, স্বাগতিক ব্রাজিলকে সুবিধা করে দিতেই ফিফার এই কারসাজি। কাল হল্যান্ড-চিলির ম্যাচটা আসলে ছিল গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াই। কিন্তু তাদের জানার উপায় ছিল না, গ্রুপ চ্যাম্পিয়ন হলে দ্বিতীয় রাউন্ডে তাদের প্রতিপক্ষ কে হবে, রানার্সআপ হলেই বা কে। অথচ ‘এ’ গ্রুপে থেকেও ব্রাজিল সেই সুবিধাটা পেয়েছে। ফন গাল ক্ষোভটা গোপন করেননি, ‘ফিফা প্রতিটি ম্যাচেই ফেয়ার প্লে নিয়ে প্রচারণা চালায়। কিন্তু যেভাবে তারা চালাকি করে ব্রাজিল ম্যাচের সূচি ঠিক করেছে, তা কোনোভাবেই ন্যায়সংগত নয়। আমরা চিলির বিপক্ষে জয়ের জন্যই খেলব। কিন্তু আমি জানি না, জিতলে তার প্রভাবটা কী হবে। কারণ ব্রাজিল আমাদের পরে খেলবে। আমরা চাই তারা (ফিফা) তাদের ক্রীড়াসুলভ দায়িত্বটাই পালন করবে।’
ক্লিন্সমানের ক্ষোভটা তাদের শেষ ম্যাচের প্রতিপক্ষকে নিয়ে। ২৬ জুন রেসিফেতে গ্রুপের শেষ ম্যাচে ক্লিন্সমানের যুক্তরাষ্ট্র মুখোমুখি হবে জার্মানির, যারা তাদের দ্বিতীয় ম্যাচটা খেলেছে একদিন আগে। জার্মানি ম্যাচটাও খেলেছে ফোর্তালেজার অনুকূল পরিবেশে। ফোর্তালেজা থেকে রেসিফের দূরত্বও কম। অন্যদিকে পরশু যুক্তরাষ্ট্রকে খেলতে হয়েছে মানাউসের প্রচণ্ড গরমে। মানাউস থেকে রেসিফের দূরত্বও বেশি। ক্লিন্সমানের অভিযোগ, ফিফা সব সময়ই বড় দলগুলোকে অন্যায় সুবিধা দেয়। পরশু পর্তুগালের সঙ্গে ২-২ গোলে ড্র করার পরই জার্মানির সাবেক খেলোয়াড়-কোচ ক্লিন্সমান বলেছেন, ‘ফিফা সব দিক থেকেই ফেবারিট দলগুলোকে সাহায্য করেছে।’
ফিফার তরফ থেকে পাল্টা এখনো আসেনি। তবে যুক্তরাষ্ট্রের জার্মান কোচকে একটা খোঁচা দিয়েছেন সাবেক ইংল্যান্ড তারকা গ্যারি লিনেকার। ১৯৯০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পথে সেমিফাইনালে লিনেকারের ইংল্যান্ডকে হারিয়েছিল ক্লিন্সমানদের জার্মানি। সেটা স্মরণ করিয়ে দিয়ে লিনেকার বলেছেন, ‘১৯৯০ বিশ্বকাপে সে অভিযোগ করেনি, যখন সেমিফাইনালের আগে জার্মানি এক দিন বেশি বিশ্রাম পেয়েছিল।’ ওয়েবসাইট।