কাঠগড়ায় যখন ফুটবলাররা
ওয়ালি ফয়সাল রসিকতা করে বললেন, ‘আজকের দিনটা খুব ভালো লাগছে।’ অতিকষ্টে মানুষ কখনো কখনো মনের ভাবটা উল্টোভাবে প্রকাশ করে। বাংলাদেশ দলের এই ডিফেন্ডারের এ কথাগুলোকে সেভাবেই নেওয়া উচিত। মানে ওয়ালির দিনটা খারাপ গেছে।
কাল বিকেলে ওয়ালি যখন বাফুফে ভবনের দোতলার বারান্দায় দাঁড়িয়ে এসব বলছিলেন, পাশেই সভাকক্ষে তখন জেরা চলছে অধিনায়ক মামুনুল ইসলামের। কাঠমান্ডুতে দিন কয়েক আগে শেষ হওয়া সাফ ফুটবলের গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়ার ব্যাখ্যা দিতে মামুনুলের সঙ্গী হয়ে তদন্ত কমিটির সামনে এসেছিলেন ওয়ালি, আতিকুর রহমান মিশু ও জাহিদ হাসান এমিলি। চার জ্যেষ্ঠ ফুটবলার তদন্ত কমিটির কাছে নিজেদের বক্তব্য তুলে ধরার আগে-পরে সংবাদমাধ্যমের সঙ্গেও ‘প্রাণ খুলে’ কথা বলেছেন। তাই এটিকে বলতে হচ্ছে ‘উন্মুক্ত তদন্ত!’
সব খেলোয়াড়ের দাবি, প্রয়োজনের সময় খেলোয়াড়েরা মনোযোগ ধরে রাখতে পারেননি। চোট একটা বড় সমস্যা ছিল। অনুশীলনের অতিরিক্ত চাপের কারণে ক্লান্তি পেয়ে বসেছিল সবাইকে ইত্যাদি।
আগের দিন তদন্ত কমিটির সামনে এসেছিলেন গোলরক্ষক কোচ কিস কাল্ক, ফিটনেস ট্রেনার ইয়ামালি মোহাম্মেত। তাঁরা ইঙ্গিত করে গেছেন খেলোয়াড়েরা মাঠে শতভাগ দেননি। বাদল রায়ের নেতৃত্বাধীন তদন্ত কমিটির সামনে কাল সবার আগে গিয়ে এই অভিযোগ মেনে নেননি মিশু।
ভারতের বিপক্ষে এগিয়ে যাওয়া গোলটা করে বাংলাদেশকে স্বপ্ন দেখিয়েছিলেন এই ডিফেন্ডার। টুর্নামেন্টজুড়ে বাংলাদেশ কোচ তিন-চারজন খেলোয়াড়ের প্রশংসা করেছেন, মিশু তাঁদের অন্যতম। সেই তাঁকেই ‘কাঠগড়ায়’ দাঁড়িয়ে নানা অনভিপ্রেত প্রশ্নের জবাব দিতে হয়েছে।
খেলোয়াড়দের পা বাঁচিয়ে খেলার অভিযোগ প্রসঙ্গে মিশুর জবাব, ‘আমার কাছে এমন কিছু মনে হয়নি। ব্যক্তিগতভাবে আমি সব সময়ই এক শ ভাগই মাঠে দিতে চাই।’
তবে স্বীকার করে নিয়েছেন খেলোয়াড়দের ফিটনেসে কিছুটা ঘাটতি ছিল। ফিটনেস ট্রেনার আনার পরও কেন ফিটনেসে ঘাটতি? মিশু বলেছেন, ‘এটা ফিটনেস ট্রেনার বলতে পারবে।’ তবে ফিটনেসের ব্যাপারটির চেয়েও মিশুর কাছে গুরুত্ব পেয়েছে ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে খেলোয়াড়দের জ্বলে উঠতে না-পারা, ‘যে সময়ে মাঠে সবচেয়ে বেশি দেওয়া দরকার ছিল, তখনই আমরা পারিনি।’
সাংবাদিকদের ভিড়ে মিশু যখন ‘আমরা এই ফলের জন্য দুঃখিত, লজ্জিত’ বলে মাথা নিচু করে কথা বলছিলেন, একটু দূরেই অধিনায়ক মামুনুল ইসলামও খেলোয়াড়ের দায় স্বীকার করে বক্তব্য দিচ্ছিলেন সাংবাদিকদের আরেকটি জটলায়। এরই মধ্যে ওয়ালিকে নিয়ে হলো রসিকতা। ওয়ালি বলছিলেন, ‘বন্ধুরা বলে, কিরে, চ্যালেঞ্জ কাপে কী খেলেছিলি, আর সাফে কী খেলেছিস। তোদের এত অবনতি কেন? বিশ্বাস করুন, কাউকে মুখ দেখাতে পারছি না লজ্জায়।’ নিজের বাজে পারফরম্যান্সে কোচের আস্থা হারানো ডিফেন্ডার আত্মোপলব্ধি করছেন, ‘আমি আসলে নিজের খেলাটা খেলতে পারিনি।’
স্বাভাবিক খেলা খেলতে পারেননি অনেকেই। দলবদল সামনে রেখে ইচ্ছাকৃত বাজে খেলার অভিযোগের আঙুল উঠে গেছে অনেকের বিরুদ্ধেই। বাংলাদেশের ফুটবলের জন্য যেটি চরম দুঃখের ও লজ্জার। জাতীয় দলের জার্সি গায়ে গর্বিত হন ফুটবলাররা, এটাই এত দিন শোনা গেছে। কিন্তু এবার ফুটবলারদের প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে সাফের পারফরম্যান্স।
স্ট্রাইকার এমিলি টুর্নামেন্টে একটা গোল করেছেন পাকিস্তানের বিপক্ষে। প্রত্যাশার ছিটেফোঁটাই তাতে পূরণ হয়েছে। প্রত্যাশা পূরণ করতে পারলেন না কেন? তদন্ত কমিটির সামনে এমিলির বক্তব্য, ‘দলটা আসলে ক্লান্ত ছিল। ফিটনেস পুরোপুরি ছিল না। ভাগ্যও আমাদের সহায়তা করেনি।’
ভাগ্য হয়তো বিমুখ করেছে। মাঠে শতভাগ না দেওয়ার অভিযোগ তাতে ঢাকা পড়ে কি?