কাঠগড়ায় সিয়াম-ফাহাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেডারেশনের কাঠগড়ায় দুই উদীয়মান দাবাড়ু ফাহাদ রহমান ও ইকরামুল হক সিয়াম।

পরশু জাতীয় দাবার প্রথম রাউন্ডে সাবেক জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন সিয়াম ওয়াকওভার দিয়েছেন। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরীক্ষা দেওয়ায় আসতে পারেননি। কাউকে কিছু জানাননিও। তাই ফেডারেশন ক্ষুব্ধ তাঁর ওপর। সিয়ামের পরীক্ষা আছে আরও তিনটি। তাই ফেডারেশন তাঁকে সতর্ক করেছে, আর একটি ওয়াকওভার দিলে প্রতিযোগিতা থেকে তাঁকে বাদ দেওয়া হবে। ফেডারেশনের এই সতর্কবার্তায় আর পরীক্ষা না দিয়ে খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সিয়াম। তাই তাঁকে ‘ক্ষমা’ করা হয়েছে।

ওদিকে চীনের জিয়াঝিংয়ে অনুষ্ঠানরত এশিয়ান নেশন কাপ অনূর্ধ্ব-১৪ দাবায় খেলতে যায়নি ফাহাদ। সে গেলে বাংলাদেশ দল ভালো ফল করত বলে মনে করছে ফেডারেশন। তাই তাকে কারণ দর্শানোর সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন।

দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবউদ্দিন শামীম বলছেন,‌‘শেষ সময়ে ফাহাদের এভাবে সরে দাঁড়ানো ঠিক হয়নি।’ এ ব্যাপারে ফাহাদের বাবা নজরুল ইসলামের ভাষ্য, ‘জাতীয় সাব-জুনিয়র, জুনিয়র ও জাতীয় দাবায় খেলে ফাহাদ অসুস্থ হয়ে যায়। তাই চীনে সে যেতে পারেনি।’ তবে পুরো বিষয়টা ফেডারেশনকে না জানানোয় ক্ষোভ প্রকাশ করেছেন ফেডারেশনের কর্মকর্তারা।