কাঠগড়ায় ইউসুফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিডনি টেস্টে তিন দিন আধিপত্য ধরে রেখেও শেষ পর্যন্ত হেরে গেছে পাকিস্তান। আর এ জন্য কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে পাকিস্তান অধিনায়ক মোহাম্মদ ইউসুফকে।প্রথম ইনিংসে ১২৭ রানে গুটিয়ে যাওয়া অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে তোলে ৩৮১ রান। ৮ উইকেট পড়ে গেছে, তৃতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার লিড মাত্র ৮০ রান। কিন্তু ইউসুফ চতুর্থ দিনের শুরুতেই ফিল্ডিং ছড়িয়ে-ছিটিয়ে দিলেন। মাইক হাসি ও পিটার সিডল ১২৩ রানের জুটি গড়লেন নবম উইকেটে। ওটারই কল্যাণে ১৭৫ রানের বড় লক্ষ্য দাঁড়ায় পাকিস্তানের সামনে। পঞ্চম দিনে চতুর্থ ইনিংসে এত বড় লক্ষ্য টপকানোটা সহজ ছিল না। টিভি ধারাভাষ্যকারেরা ইউসুফের এমন রক্ষণাত্মক ফিল্ডিংয়ের সমালোচনা করেছিলেন মাঠে বসেই। আর ম্যাচ শেষে সেটাই রেকর্ড হয়ে বাজছে পাকিস্তানের সাবেক ক্রিকেটারদের মুখে।দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়ার লিড যখন মাত্র ৮০ রান, ফিল্ডারদের চারদিকে ছড়িয়ে কেন দিতে হবে? প্রশ্ন তুলেছেন পাকিস্তানের আমির সোহেল। সাবেক অধিনায়কের ভাষায়, ‘যখন নতুন বলে দুই ব্যাটসম্যানের ওপর চড়াও হওয়ার কথা, তখন সে ৭-৮ জন ফিল্ডারকে বাউন্ডারি লাইনে কেন পাঠাল সেটা বোঝার সাধ্য নেই।’ ইউসুফ না হয় মাঠে ভুল করেছেন, কিন্তু তাঁকে শুধরে দেওয়ার কি কেউ ছিল না? এমনই প্রশ্ন তুলেছেন আরেক সাবেক অধিনায়ক মঈন খান, ‘আমি জানি না (সেদিন) কী ঘটেছিল। ইউসুফের চিন্তা এবং কৌশল যদি ভুল হয়েও থাকে তাহলে আধঘণ্টা পরে কোচ ইন্তিখাব আলমসহ কোচিং স্টাফদের উচিত ছিল, তাকে বার্তা পাঠিয়ে কৌশল বদলানো।’অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘদিন পর টেস্টে অস্ট্রেলিয়াকে হারানোর সুযোগটা হাতছাড়া হওয়ায় হতাশ রমিজ রাজা। তাঁর দৃষ্টিতেও অস্ট্রেলিয়ার জয়ের পেছনে কাজ করেছে পাকিস্তান দলের ভুল কৌশল। ‘সকালে আমাদের আক্রমণাত্মক হওয়া উচিত ছিল। লাঞ্চের আগের সেশনটা যে নবম উইকেট জুটি নির্বিঘ্নে ব্যাটিং করে গেল এটা মেনে নেওয়া যায় না। এতে বোলিংয়ের দুর্বলতাও তো ধরা পড়ে। যদিও ফিল্ডিং সাজানোটাও হয়েছিল অদ্ভুত।’সিডনির পরাজয়ে ইউনুসের দলে না থাকাটাকে বেশি অনুভব করেছেন বাসিত আলী। সাবেক এই টেস্ট ক্রিকেটার বলছেন, ‘প্রথম দিনেই ১২৭ রানে প্রতিপক্ষকে অলআউট করার পর একটা দলের টেস্ট হেরে যাওয়ার ঘটনা বিরল। এতে প্রমাণিত হয় নেতৃত্ব শিখতে অনেক দূর যেতে হবে ইউসুফকে। আর এতে কোনো সন্দেহ নেই যে, ইউনুসের ব্যাটিং এবং তাঁর ইতিবাচক নেতৃত্ব মিস করছে দল।’আগের টেস্টে হারের পরও টি-টোয়েন্টির আগ্রাসনকে দায়ী করেছিলেন মোহাম্মদ ইউসুফ, সিডনি বিপর্যয়ের পরও তাঁর কাঠগড়ায় টি-টোয়েন্টির আগ্রাসন, ‘সবাই টি-টোয়েন্টি খেলে। কিন্তু টেস্টে খেলার সময় তারা বদলে ফেলে নিজেদের। কিন্তু আমরা পারিনি। আমাদের মানসিকতাটা আগের মতোই রয়ে গেছে।’সিরিজের তৃতীয় ও শেষ টেস্ট হোবার্টে শুরু হবে ১৪ জানুয়ারি। তৃতীয় টেস্টের পাকিস্তান দলে পরিবর্তন দেখা যেতে পারে। সিডনি টেস্টে উইকেটের পেছনে খুবই বাজে পারফরম্যান্স ছিল কামরান আকমলের, তাঁর জায়গায় দেখা যেতে পারে সরফরাজ আহমেদকে। তরুণ এই উইকেটকিপারকে অস্ট্রেলিয়া পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। তবে সিডনিতে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক মাইক হাসিকে তিন তিনবার ‘জীবন’ ফিরিয়ে দেওয়া আকমলও হোবার্টে খেলবেন বলে আশাবাদী ইউসুফ। ওয়েবসাইট।