কাঠগড়ায় ইলিয়েভস্কি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলন শেষ হওয়ার পরও কোচ নিকোলা ইলিয়েভস্কি একা দাঁড়িয়ে রইলেন অনেকক্ষণ। প্রতিপক্ষের কোচ ইস্তভান বেলাকে শুভেচ্ছা জানাতে এই অপেক্ষা। তা মালদ্বীপের হাঙ্গেরিয়ান কোচের এটা প্রাপ্যই ছিল। মাত্র চার সপ্তাহ আগে দায়িত্ব নিয়েই সাফ ফুটবলের মতো বড় টুর্নামেন্টের সেমিফাইনালে তুলে দিয়েছেন দলকে। অথচ গত জুনে বাংলাদেশ দলের দায়িত্ব নিয়ে এখন পর্যন্ত নিজের সেরা একাদশই গড়তে পারেননি ইলিয়েভস্কি। এই কোচের অধীনে দলের সেরাটাও যেন নিংড়ে দিতে পারছেন না ফুটবলাররা। এরই পরিণতি তৃতীয়বারের মতো সাফ ফুটবলের গ্রুপ পর্ব থেকেই বিদায় বাংলাদেশের (এর আগে গ্রুপ পর্বে বিদায় নেয় ১৯৯৭ ও ২০০৮ সালে)। পরশু গ্রুপের শেষ ম্যাচে মালদ্বীপের কাছে হারল ৩-১ গোলে।জওহরলাল নেহরু স্টেডিয়ামে জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নেমেছিল দুই দল। দুই দলই খেলল আক্রমণাত্মক ফুটবল। কিন্তু ম্যাচের ১৭ মিনিটেই দু-দুটো গোল খেয়ে বসে বাংলাদেশ।৬ মিনিটে মোহাম্মদ উমরের ক্রস থেকে দারুণ হেডে প্রথম গোল করেন আহমেদ তারিক। ১৭ মিনিটে তারিকই অধিনায়ক আলী আশফাকের পাস পেয়ে ব্যবধান করেন দ্বিগুণ। তখনই বাংলাদেশ প্রায় সংজ্ঞাহীন। সেখান থেকে ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা থেকে দলটি গোল পেয়ে যায় ২৯ মিনিটে। মিঠুনের কর্নার থেকে শাহেদ করেন টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র গোলটি। ৭০ মিনিটে পাল্টা আক্রমণ থেকে আলী আশফাকের দেওয়া গোলে বাংলাদেশ দলের জীবনদীপ যায় নিভে।ম্যাচ শেষে কোচ ইলিয়েভস্কি বললেন, ‘আমার হাতে কোনো জাদু নেই যে মাত্র এক মাসেই দলটাকে বদলে দিতে পারব।’রক্ষণভাগকে দুষছেন তিনি, ‘এটা একটা কঠিন ম্যাচ ছিল। ডিফেন্ডাররা দু-দুটি বড় ভুল করেছে। এই টুর্নামেন্টে বাংলাদেশ ভালো করবে না সেটা আমি আগেই বলেছিলাম। কারণ বেশ কয়েকজন খেলোয়াড় ইনজুরিতে পড়ে রয়েছে দেশে, মাঠে কোনো খেলা ছিল না। ক্লাবগুলোও জাতীয় দলের ব্যাপারে ততটা আন্তরিক নয়। সব মিলিয়েই এই ফল।’এ ম্যাচ দেখতে ঢাকা থেকে উড়ে এসেছিলেন জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান বাদল রায়। ম্যাচ শেষে বাদল রায়ের মূল্যায়ন, ‘ছেলেরা ভালোই খেলেছে। কিন্তু কোচের পরিকল্পনাহীনতার কারণেই দল হেরেছে।’ এত দিনেও একটি সেরা একাদশ গড়তে না পারার দায় চাপালেন কোচের ঘাড়ে, ‘আমরা কোচকে সব রকম স্বাধীনতা দিয়েছি। কিন্তু এত দিন হয়ে গেলেও কেন মনের মতো একটা দল গড়তে পারলেন না সেটা বুঝলাম না। কোচ হয়তো নিজেই আস্থাহীনতায় ভোগেন।’আরিফ খান (জয়) খেলেছেন ২০০৫ করাচি সাফ গেমসে। ছিলেন অধিনায়ক। এবারের সাফে তিনি দলের ম্যানেজার। তিন ম্যাচের ময়নাতদন্ত করতে গিয়ে তিনিও পরোক্ষে দুষলেন কোচকে, ‘আমাদের সময়ে ক্রুসিয়ানি ছিলেন কার্যকরী কোচ। কমিটমেন্ট, কনফিডেন্স এবং টিমওয়ার্ক—দলে এই তিনটি জিনিস ছিল। এই দলে এটার বড় অভাব। কোচের আরও বড় ভূমিকা থাকা উচিত ছিল। ফুটবলারদের সঙ্গে আরও হূদ্যতাপূর্ণ সম্পর্ক থাকার দরকার ছিল। কোচকে কখনো কখনো বাবার ভূমিকায়ও থাকতে হয়। সেটা তিনি করতে পারেননি। এটা ছিল না বলেই হয়তো সেরা দল কখনোই গড়তে পারেননি।’অভিজ্ঞ গোলরক্ষক বিপ্লব ভট্টাচার্য বললেন, ‘কোচ এখানে পরীক্ষা-নিরীক্ষা করতে এসেছেন। সাফের মতো টুর্নামেন্টে এতটা ঝুঁকি নেওয়া মোটেও উচিত হয়নি তাঁর।’দলের সঙ্গে থেকেও বিচ্ছিন্ন একটা দ্বীপ হয়ে ছিলেন কোচ ইলিয়েভস্কি। কাল দেশে ফেরার বিমানেও বাদল রায়ের সঙ্গে ছিলেন শুধুই ২০ জন ফুটবলার। দুঃস্বপ্নের এক সাফ ফুটবল শেষ করে দলের বাকি আট কর্মকর্তা ও কোচ দেশে ফিরবেন আজ।