কাঠগড়ায় ভেট্টোরি-গ্রেটব্যাচরা
বাংলাদেশ-বিপর্যয়ে স্তম্ভিত নিউজিল্যান্ডের ক্রিকেট বোর্ড জরুরি তলব করেছে অধিনায়ক ড্যানিয়েল ভেট্টোরি, কোচ মার্ক গ্রেটব্যাচ ও হাই পারফরম্যান্স ডিরেক্টর রজার মোরটাইমারকে। বিশ্বকাপ সামনে রেখে দলের হাই পারফরম্যান্স প্রকল্পের জন্য কদিন আগেই আড়াই লাখ ডলার বরাদ্দ দিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট। কিন্তু অপ্রত্যাশিত মহা বিপর্যয়ে মাথায় আকাশ ভেঙে পড়েছে বোর্ড কর্তাদের। আগামী ২২ অক্টোবর জরুরি বৈঠক ডেকেছে তারা। বাংলাদেশ সফরের বিপর্যয় বিশ্লেষণ ছাড়াও সেখানে আলোচনা হবে আসন্ন ভারত সফর ও বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে।বাংলাদেশ সফরে ৪-০-তে সিরিজ হেরে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের সাতে নেমে গেছে নিউজিল্যান্ড। এই বিপর্যয়ের পর সে দেশের সংবাদমাধ্যম ও সাবেক ক্রিকেটারদের অনেকেই শীর্ষ পর্যায়ে রদবদলের দাবি তুলেছেন। ভেট্টোরির ওপর চাপ খুব বেশি হয়ে গেছে, বলা হচ্ছে এমন কথাও। তবে জরুরি বৈঠক ডাকলেও খুব বেশি পরিবর্তনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের মহাব্যবস্থাপক ও সাবেক পেসার জিওফ অ্যালট, ‘শুধু হতাশ বললেও কম বলা হয়। বিশ্বকাপের স্বাগতিক এক দেশে গিয়ে ৪-০-তে হার খুবই চিন্তার কথা। ফিটনেস বা টেকনিক্যাল দিক থেকে সবকিছুই ঠিক ছিল, ঝামেলাটা হয়েছে সিদ্ধান্ত গ্রহণে। পুরো সিরিজেই ব্যাটসম্যানরা ক্রস ব্যাটে শট খেলেছে অনেক। সিনিয়র ক্রিকেটাররা দায়িত্ব নিয়ে খেলতে পারেনি। তার পরও পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। যারাই আছে, তাদের প্রতি বিশ্বাস রাখাটা খুব জরুরি।’তবে নিউজিল্যান্ডের সাবেক পেসার ও বর্তমানে ধারাভাষ্যকার সাইমন ডুল মনে করেন, ভেট্টোরির ওপর থেকে চাপ কিছুটা সরানো জরুরি, ‘ভেট্টোরি প্রচণ্ড চাপে আছে এবং অন্যদের কাছ থেকে খুব বেশি সহায়তা পাচ্ছে না। আমার মনে হয় না, পরিস্থিতির সঙ্গে ও খুব বেশি মানিয়ে নিতে পারছে। অনেক প্রশ্ন আছে, যেগুলোর কোনো উত্তর নেই। বিশ্বকাপের বাকি আর মাত্র কয়েক মাস, কিন্তু কেউ যদি ভাবে আমরা কোয়ার্টার ফাইনালে যাব, তাহলে সে স্বপ্নের জগতে আছে। অবিশ্বাস্য কিছু ঘটলেই কেবল এই অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো সম্ভব।’ঘুরে দাঁড়ানোর জন্য খুব একটা সময় পাচ্ছেন না ভেট্টোরিরা, বরং মুখোমুখি হতে হচ্ছে আরও কঠিন চ্যালেঞ্জের। টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দেশ ভারতে যাচ্ছে নিউজিল্যান্ড তিন টেস্ট ও পাঁচ ওয়ানডের সিরিজ খেলতে। ৪ নভেম্বর আহমেদাবাদ টেস্ট দিয়ে শুরু হচ্ছে সিরিজ। ওয়েবসাইট।