কাঠগড়ায় মিসবাহ-হোয়াটমোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘রাস্তা যখন এমনিতেই মসৃণ, আর সংস্কারের প্রয়োজন কী’—প্রশ্নটা উঠেছিল শুরুতেই। সেই কণ্ঠগুলোই এখন উচ্চকিত হচ্ছে। ভারপ্রাপ্ত কোচের দায়িত্ব নিয়ে দারুণ করছিলেন মহসিন খান। নিজেদের ধারার বিপরীতে দারুণ ধারাবাহিকতা দেখিয়ে বিশ্ব ক্রিকেটে খবরের শিরোনাম হয়েছিল পাকিস্তান। কিন্তু স্থায়ী কোচ ডেভ হোয়াটমোরের কোচিংয়ে সেই ধারাবাহিকতা উধাও। দুঃসময়ে দায়িত্ব নিয়ে দলকে স্থিতিশীল করা মিসবাহ-উল-হকও যেন সামলাতে পারছেন না সবকিছু। অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর অধিনায়ক-কোচ ও দলের কঠোর সমালোচনা করেছেন সেই মহসিন খান আর সাবেক দুই অধিনায়ক ওয়াসিম আকরাম ও আমির সোহেল। আকরামের কাঠগড়ায় সবার আগে অধিনায়ক মিসবাহ, ‘এই সিরিজে অধিনায়ক, ব্যাটসম্যান ও ফিল্ডার হিসেবে মিসবাহকে মনে হয়েছে যেন দিশাহারা। মাঠে এমন কিছু ট্যাকটিক্যাল ভুল করেছে যার জন্য দলকে কড়া মূল্য দিতে হয়েছে। আফ্রিদিকে তিনে পাঠানো ছিল ভুল সিদ্ধান্ত, কারণ ৫০ ওভারের অর্ধেকের বেশি বাকি থাকা অবস্থায় উইকেটে গিয়ে ব্যাট করার মতো নিবেদন এখন আর ওর নেই। ওকে এখন শুধু বোলার হিসেবেই বিবেচনা করতে হবে। কামরান আকমলকেও সাত-আটে খেলানো মানেও অপচয়। ওকে অবশ্যই আরও ওপরে ব্যাট করানো উচিত ছিল।’ যে শারজায় উইকেটের সেঞ্চুরি আছে ওয়াসিম-ওয়াকারের, সেখানে শেষ ম্যাচে পাকিস্তান নেমেছিল চার স্পিনার আর মাত্র এক পেসার নিয়ে। অস্ট্রেলিয়া সেখানে সিরিজজুড়েই দারুণভাবে ব্যবহার করেছে স্টার্ক-জনসন-প্যাটিনসনদের। এটাকেও বড় ভুল বলে মানছেন আকরাম, ‘কন্ডিশন পক্ষে থাকার পরও চার স্পিনার খেলানো কাজে লাগেনি। সাঈদ আজমল সিরিজজুড়েই অসাধারণ বোলিং করেছে এবং ও নিশ্চিতভাবেই এখন বিশ্বের সেরা স্পিনার। কিন্তু পাকিস্তানকে পেস বোলিংয়ের ওপরই নির্ভর করতে হবে।’মিসবাহর সঙ্গেই দারুণ জুটি গড়েছিলেন মহসিন। কিন্তু এখন মহসিনেরও প্রথমে চোখে পড়ছে মিসবাহর ব্যর্থতা, ‘এই কন্ডিশনে পাকিস্তান অস্ট্রেলিয়ার চেয়ে ভালো দল। ফিল্ডিং ছাড়া আর সব দিক থেকে আমাদের দল এগিয়ে। শেষ ওয়ানডেটা আমাদের জেতা উচিত ছিল। আমার মনে হয়েছে, গেম প্ল্যানে ঘাটতি আছে। ভালো শুরুকে আমরা কাজে লাগাতে পারিনি, গুরুত্বপূর্ণ সময়ে অযৌক্তিক সব সিদ্ধান্ত নিয়েছি। রুদ্রমূর্তিতে থাকা অবস্থায় আজমলকে আক্রমণ থেকে সরিয়ে নেওয়া ছিল নির্বুদ্ধিতা।’এখানেই মহসিন কাঠগড়ায় দাঁড় করিয়েছেন হোয়াটমোরকেও, ‘আমি শুধু অধিনায়ককে দোষ দেব না, কোচকেও দেব। মিসবাহ খুব পরিশ্রমী কিন্তু স্মার্ট অধিনায়ক নয়। ওর প্রয়োজন সঠিক নির্দেশনা যেটা ও পাচ্ছে না।’আকরামের সঙ্গে কণ্ঠ মিলিয়ে সোহেলও বলেছেন পেসারদের কথা, ‘মিসবাহর উচিত ফাস্ট বোলারদের কীভাবে ব্যবহার করতে হয় সেটা শেখা, অস্ট্রেলিয়া যেমন করেছে। শিশিরভেজা ভারী বলে স্পিনাররা যখন সুবিধা করতে পারছিল না তখনো সে জুনাইদকে আক্রমণে আনেনি।’ ওয়েবসাইট।