কাঠমান্ডুতে ফুটবল দলকে বৃষ্টির অভ্যর্থনা
আগের দিন বিমানবন্দর থেকে ফিরে আসতে হয়েছিল জাতীয় ফুটবল দলকে। বিমানের কাঠমান্ডুগামী উড়ান বাতিল হওয়ায় ওই বিড়ম্বনা। তবে গতকাল দুপুরে নেপালের রাজধানীতে পৌঁছেছেন সুজন-এমিলিরা। পৌঁছেই বৃষ্টির অভ্যর্থনা পেলেও বাংলাদেশ দল কাল বিকেলে নেপাল পুলিশ স্পোর্টস মাঠে হালকা অনুশীলন করেছে। বৃষ্টির কারণে কাঠমান্ডুর তাপমাত্রা কাল রাতে ১৯-২০ ডিগ্রিতে নেমে এসেছিল বলে টেলিফোনে প্রথম আলোকে জানিয়েছেন দলের ম্যানেজার সত্যজিৎ দাস। তাঁর দেওয়া তথ্য, কাল দুপুরের পর থেকেই কাঠমান্ডুতে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সেটা অবশ্য ম্যাচ আয়োজনে বাধা হবে না বলে এই কর্মকর্তার বিশ্বাস। তবে সমস্যা একটাই—অনুশীলনের মাঠটা একটু দূরে। নেপাল পুলিশ স্পোর্টস মাঠে যেতে ৫০ মিনিটের মতো লেগেছে বাংলাদেশ দলের। যানজটও নাকি আছে।১৮ ও ২০ সেপ্টেম্বর কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ-নেপাল। ম্যাচ দুটি ফিফা-স্বীকৃত আন্তর্জাতিক প্রীতি ম্যাচের মর্যাদা পাবে কি না, তা আজ জানাবে আয়োজকেরা। আজ বাংলাদেশ দল সংবাদ সম্মেলন করবে। স্থানীয় সময় বিকেল পাঁচটা আর বাংলাদেশ সময় ৫টা ২০ মিনিটে ম্যাচ শুরু হওয়ার কথা। সত্যজিৎ জানালেন, কাঠমান্ডু বিমানবন্দরে নামার পর বাংলাদেশ দল পেয়েছে উষ্ণ অভ্যর্থনা। নেপাল ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা বিমানবন্দরে এসেছেন। সামগ্রিকভাবে বাংলাদেশ দলের কোনো অভিযোগ নেই। বরং অতিথিরা খুশিই। যদিও মাঠে ভালো খেলাটাই বাংলাদেশের জন্য হবে আসল খুশির উপলক্ষ। জিততে পারবে বাংলাদেশ? নেপাল আর আগের নেপাল নেই। সর্বশেষ ফিফা র্যা ঙ্কিংয়ে নেপাল (১৬৬) রয়েছে বাংলাদেশের (১৭০) ওপরে। এই মুহূর্তে ভালো ফর্মেও রয়েছে তারা। সম্প্রতি দিল্লিতে আয়োজিত নেহরু কাপে ভারতের সঙ্গে ড্র করেছে দাপটের সঙ্গে।