কাঠমান্ডুর বাতাসেও আফসোস!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভালো খেলেও তরীটা ডুবে গেল শেষ পর্যন্ত!যেন এক মায়াবী বিভ্রম। আনন্দ করার কথা কার, করছে কে! ফিলিস্তিনের খেলোয়াড়েরা ম্যাচের পর নেচেগেয়ে কোরাস তুলল দশরথ স্টেডিয়ামে। শেল হয়ে তা বিঁধল বাংলাদেশ দলের বুকে। হায়, এটি তো হারের ম্যাচ নয়! ড্র-ও হতে পারত। শেষে কিনা পরাজয়! বাংলাদেশের ফুটবল ক্যালেন্ডারে একটা আফসোসের দিন হিসেবেই থাকবে ২ মার্চ, ২০১৩। এমনকি কাঠমান্ডুর বাতাসেও বাংলাদেশের জন্য আক্ষেপ। শারীরিকভাবে অনেক এগিয়ে থাকা ফিলিস্তিনের কঠিন আক্রমণের তোড়ে ছিন্ন হলে কথা ছিল। কিন্তু নিজেদের ভুলে এমন হারে কোনো সান্ত্বনা নেই। তবু খেলোয়াড়দের স্নেহছায়ায় আগলে রাখছেন লোডভিক ডি ক্রুইফ। যাবতীয় মনস্তাপ মুছে দিয়ে শান্ত তিনি। এক অর্থে এটি তো বাংলাদেশ দল নিয়ে ডাচ কোচের নবদিগন্তের সূচনারও ইঙ্গিতবাহী। আত্মসংশোধনের অনেক কিছু আছে ঠিক। তবে ফিলিস্তিনের কাছে মান যায়নি এটাও মনে রাখা উচিত। অর্থনৈতিক মন্দার মধ্যেও এদিন দশরথ স্টেডিয়ামের ভরা গ্যালারি দেখল বদলের পথে পা ফেলা এক বাংলাদেশকেই।ফিলিস্তিনিরা সব দিক দিয়েই এগিয়ে কাগজে-কলমে। কিন্তু তা খুব একটা রেখাপাত করেনি এএফসি চ্যালেঞ্জ কাপের গ্রুপ ‘ডি’র উদ্বোধনী ম্যাচটিতে। ম্যাচটা নিষ্ঠুরভাবেই ৩ পয়েন্ট তুলে দিয়েছে ফিলিস্তিনের হাতে। ৭৮ মিনিটে ম্যাচের একমাত্র গোলই আশার সমাধি দিয়েছে বাংলাদেশ দলের। নিজেদের ভুলের কারণেই এই গোল। বাঁ প্রান্তের কর্নার পতাকার কাছাকাছি প্রতিপক্ষের এক খেলোয়াড়কে লিংকন ফাউল করেন অযথাই। সেটিই পরে সর্বনাশা ছোবলে রক্তাক্ত করেছে বাংলাদেশকে।ফ্রি-কিক থেকে বল আসে ডান প্রান্তে। ডিফেন্ডার হুসাম আবু সালেহ ক্রস ফেলেন বাংলাদেশ বক্সে। ফিলিস্তিনি স্ট্রাইকার আবু হাবিরের হেডে বল গোঁত্তা খায় গোললাইনে। বাংলাদেশের গোলরক্ষক সোহেল পাঞ্চ করতে গিয়ে ভূপাতিত। দুই স্টপার নাসির উদ্দিন ও কেষ্ট কুমার বল বিপদমুক্ত করতে পারেননি। জটলার মধ্যে ডিফেন্ডার হেতাম থিবের শরীরে লেগে তালগোল পাকিয়ে বল জালে!গোলটা যেন বাংলাদেশের উপহার। এই গোলের আগ পর্যন্ত ফিলিস্তিন সেভাবে খুলতে পারেনি বাংলাদেশের গোলমুখ। যেটা পেরেছে বাংলাদেশ। একটা গোল তো পাওয়াই উচিত ছিল লাল-সবুজের। ১৯ মিনিটে শাখাওয়াত রনি অবিশ্বাস্য এক মিস করেছেন। ফিলিস্তিনি ডিফেন্ডার খালেদ ব্যাক হেড করেন দীর্ঘদেহী গোলরক্ষক তৌফিককে। বল পেয়ে যান শাখাওয়াত, কিন্তু শুধু গোলরক্ষককে সামনে পেয়েও বারের ওপর দিয়ে তুলে দেন। ওটা শুধু পুশ করলেই অবধারিত গোল। এই পর্যায়ের ফুটবলে এমন ব্যর্থতা সত্যিই মানা কঠিন। এমনই মন্দ কপাল যে শেষ মিনিটে নাসির বল ফ্লিক করেছিলেন ফিলিস্তিনের পোস্টে। জালমুখী বল কিনা একটু আগেই মিঠুনের জায়গায় বদলি হিসেবে নামা অভিষিক্ত তকলিচের মাথায় লেগে দিক বদলায়! বেঁচে যায় ফিলিস্তিন।বলা উচিত, ফিলিস্তিন ভাগ্যজোরেই জিতেছে। স্কিল তেমন নেই, কিন্তু উচ্চতা আর পাওয়ারই তাদের বড় সম্পদ। অন্যদিকে বল নিয়ন্ত্রণে এগিয়ে ছিল বাংলাদেশ। কিন্তু পরাজয়ের পর কে আর তা মনে রাখে!অধিনায়ক সুজনকে একাদশে রাখেননি কোচ। তার ওপর ১৫ মিনিটে মিডফিল্ডার প্রাণতোষ চোট নিয়ে বেরিয়ে যান, এটা ক্ষতির কারণ হলেও প্রথমার্ধে বাংলাদেশেরই ছিল প্রাধান্য। দ্বিতীয়ার্ধের মাঝামাঝি পর্যন্তও ম্যাচ ক্রুইফের দলের হাতে। কিন্তু শেষ মিনিট বিশেক অন্য গল্প। এই সময়ে লড়াই করার উদ্যমটা হারিয়ে ফেলে বাংলাদেশ।ক্রুইফ চেয়েছেন সংগঠিতভাবে প্রেসিং। ৪-২-৩-১ ছকে এটা ৫০ শতাংশ করা গেছে। কিন্তু গোল করার লোকেরই যে অভাব ছিল। জাহিদ-এমিলিরা থাকলে এই ম্যাচ জিতেও যেতে পারত বাংলাদেশ। একটা সময় তো মনে হচ্ছিল বাংলাদেশ বুঝি স্ট্রাইকার ছাড়াই খেলছে! এই দলের অন্তত চারজন খেলোয়াড় একেবারেই অনভিজ্ঞ। আলমগীর রানা, সোহেল রানা, স্টপার কেষ্ট কুমার ও শাখাওয়াত রনি। শাখাওয়াত ছাড়া বাকি তিনজন ভালোই খেলেছেন। গোলের পর সোহেল দুটি ভালো সেভ করেছেন। স্টপার নাসির উদ্দিনও ভালো নম্বর পাবেন। গোটা দলই ভালো খেলেছে। তবে সবাইকে ছাড়িয়ে দলের সেরা খেলোয়াড় প্লে-মেকার মামুনুল। কিন্তু ফিলিস্তিন তাঁকে হাসতে দিল কই! বাংলাদেশ দল: সোহেল, নাসির উদ্দিন, কেষ্ট, ওয়ালি, লিংকন, মামুনুল, প্রাণতোষ (মিশু), আলমগীর রানা, সোহেল রানা, মিঠুন, (তকলিচ), শাখাওয়াত।