কাতানিয়ার কাছে ইন্টারের হার
২৮ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় কাতানিয়ার অবস্থান ১৫ নম্বরে। অবনমন এড়ানোর লড়াই করছে তারা। কিন্তু এই দলটিই জমিয়ে দিল সিরি ‘আ’র শিরোপা লড়াই। পরশু নিজেদের মাঠে ইন্টার মিলানকে ৩-১ গোলে হারিয়ে সেই কাজটা করেছে কাতানিয়া।ইন্টার মিলান ২৮ ম্যাচে ৫৯, এসি মিলান ২৭ ম্যাচে ৫৫ এবং এএস রোমা ২৭ ম্যাচে ৫২—সিরি ‘আ’র পয়েন্ট তালিকার ওপরের দিকের অবস্থা এখন এমনই। বুধবার চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগের খেলা বলে সিরি ‘আ’তে ইন্টার মিলানের এ সপ্তাহের ম্যাচটি শুক্রবারে নেওয়া হয়েছে। সেই ম্যাচেই অঘটনের শিকার হলো হোসে মরিনহোর দল। আগামীকাল নিজেদের মাঠে শিয়েভোর বিপক্ষে মিলান এবং লিভর্নোর মাঠে রোমা যদি এমন অঘটনের শিকার না হয় তাহলেই সিরি ‘আ’র শিরোপা লড়াই চূড়ান্তভাবে জমে যায়। সিরি ‘আ’তে ইন্টারের বিপক্ষে সিসিলিয়ান ক্লাব কাতানিয়ার জয়টা আসে ম্যাচের শেষ ১৬ মিনিটের ঝড়ে। এর আগে পর্যন্ত ডিয়েগো মিলিতোর দেওয়া গোলে এগিয়ে ছিল ইন্টারই। কিন্তু ৭৪ মিনিটে দারুণ এক গোলে কাতানিয়াকে ম্যাচে ফেরান ম্যাক্সি লোপেজ। ৮১ মিনিটে হ্যান্ডবল করে দ্বিতীয় হলুদ কার্ডের খাঁড়ায় কাটা পড়ে মাঠ ছাড়েন ইন্টারের সুলে মুনতারি। মাত্র দুই মিনিটই মাঠে ছিলেন তিনি। ক্যাম্বিয়াসোর বদলি হিসেবে মাঠে নেমে প্রথম মিনিটেই হলুদ কার্ড দেখেছিলেন। এর পর কাতানিয়াকে পেনাল্টি উপহার দেওয়া ওই ভুল। পেনাল্টি থেকে গোল করে কাতানিয়াকে এগিয়ে দেন মাসকারা। মার্টিনেজ করেন ইন্টারের কফিনে পেরেক ঠুকে দেওয়া গোল।স্টাডিও অ্যাঞ্জেলো মাসিমিনহো স্টেডিয়ামে তখন আনন্দের ঢেউ উঠেছে। আর ভিআইপি গ্যালারিতে বসে ফুঁসছিলেন ইন্টার কোচ হোসে মরিনহো। ৩ ম্যাচের টাচলাইন নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে থাকতে পারেননি তিনি। তাই গ্যালারিতে বসেই তাঁকে দেখতে হলো একটি ড্র (মৌসুমে অষ্টম) এবং মৌসুমের তৃতীয় পরাজয়।এদিকে এক দিনের জন্য হলেও বুন্দেসলিগার শীর্ষে উঠেছে শালকে জিরো ফোর। জার্মানির সাবেক স্ট্রাইকার কেভিন কুরানির গোলে স্টুটগার্টকে ২-১ গোলে হারিয়েছে শালকে। বায়ার্ন মিউনিখের চেয়ে এখন ১ পয়েন্ট বেশি তারা। ২৬ ম্যাচে ৫৪ পয়েন্ট শালকের। এক ম্যাচ দ্বিতীয় স্থানে থাকা বায়ার্নের পয়েন্ট ৫৩। আজ অবনমন এলাকার দল ফ্রেইবুর্গের বিপক্ষে জিতলেই আবার শীর্ষে চলে যাবে বায়ার্ন। এএফপি।