কাতার ওপেন জিতলেন ফেদেরার
গত বছরটা খুব একটা ভালো যায়নি সুইস টেনিসতারকা রজার ফেদেরারের। অস্ট্রেলিয়ান ওপেন ছাড়া তাঁকে প্রায় সবকটি শিরোপাই হারাতে হয়েছে স্প্যানিশ তারকা রাফায়েল নাদালের কাছে। হারিয়েছেন টেনিস র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটাও। কিন্তু এবার নতুন বছরটা বেশ ভালোমতোই শুরু করেছেন ১৬ বারের গ্র্যান্ড স্লামজয়ী এই তারকা। গতকাল শনিবার তৃতীয়বারের মতো তিনি জিতেছেন কাতার ওপেন শিরোপা।দোহায় কাতার ওপেনের ফাইনালে গতকাল নিকোলাই ডাভডেনকোকে তিনি হারিয়েছেন ৬-৩, ৬-৪ সেটে। কয়েক দিন পরই শুরু হতে যাওয়া বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনে এখন নিশ্চয়ই অনেক আত্মবিশ্বাসী থাকতে পারবেন ফেদেরার। তৃতীয়বারের মতো কাতার ওপেন জেতার পর তিনি বলেছেন, ‘খুবই ভালো লাগছে। আমি বিশ্বাসই করতে পারছি না যে, নতুন মৌসুমের শুরুতেই আমি একটা শিরোপা জিতে নিয়েছি।’এক নম্বর তারকা রাফায়েল নাদাল এই ডাভডেনকোর কাছে হেরেই বিদায় নিয়েছিলেন কাতার ওপেনের সেমিফাইনাল থেকে। বিবিসি অনলাইন।