কাতার ফাউন্ডেশনের পক্ষে গার্দিওলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মোর দ্যান আ ক্লাব।’ সগৌরবে নিজেদের যে ‘ক্লাবের চেয়ে বেশি কিছু’ পরিচয় দেয় বার্সেলোনা, সেই নীতি থেকে কি সরে এল কাতালান ক্লাবটি? ক্লাবের দীর্ঘ ১০০ বছরের ইতিহাসে প্রথমবারের মতো জার্সিতে স্পনসরের লোগো ব্যবহার করায় উঠেছে এই প্রশ্ন। কয়েক হাজার সমর্থক এর বিরুদ্ধে স্বাক্ষর করে সেটি পাঠিয়ে দিয়েছে ক্লাবের কর্মকর্তাদের কাছে। সমর্থকদের একটা বড় অংশের পাশাপাশি সাবেক খেলোয়াড়-কোচ-কর্মকর্তাদেরও অনেকে স্পনসর লোগো ব্যবহারের বিপক্ষে। যদিও কোনো ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, বার্সেলোনার এই স্পনসর কাতার ফাউন্ডেশন নামের একটি অলাভজনক সমাজসেবামূলক সংস্থা। বিতর্কের মুখে আগামীকাল বৈঠকে বসছেন বার্সেলোনার নীতিনির্ধারকেরা। এই বৈঠকেই ঠিক হবে স্পনসর লোগো থাকবে কি থাকবে না।এর আগে জার্সিতে শুধু ইউনিসেফের লোগো ব্যবহার করত বার্সেলোনা। মজার ব্যাপার, জাতিসংঘের জরুরি শিশু তহবিলের এই লোগো ব্যবহারের বিনিময়ে উল্টো বার্সেলোনাই কিন্তু ইউনিসেফকে প্রতিবছর বড় অঙ্কের অর্থসাহায্য দিত। এখনো সেই সাহায্য বিদ্যমান। শুধু ইউনিসেফের লোগো চলে গেছে জার্সির পেছনে।কাতালান চেতনা, রাজনীতি আর সংস্কৃতির প্রতীক হয়ে ওঠা বার্সেলোনা সাম্প্রতিক সময়ে বড় ধরনের আর্থিক ঋণের দায়ে পড়ে গেছে। ঋণ থেকে মুক্তির পথ পেতেই গত ডিসেম্বরে ১৭ কোটি ইউরোর সাড়ে পাঁচ বছর মেয়াদি একটি চুক্তি করে কাতার ফাউন্ডেশনের সঙ্গে। বার্সার সাবেক খেলোয়াড় ও কোচ, ডাচ কিংবদন্তি ইয়োহান ক্রুইফ যে চুক্তিকে আখ্যা দেন ‘কুরুচিপূর্ণ’ বলে। আর সাবেক সভাপতি হুয়ান লাপোর্তা জানিয়ে দেন, এর বদলে তিনি ইউনিসেফের লোগোই দেখতে চান।কাতার অগণতান্ত্রিক একটা দেশ হওয়াতেই আপত্তি অনেক বার্সা সমর্থকের। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত কাতার ফাউন্ডেশন মূলত মধ্যপ্রাচ্যে শিক্ষা, বৈজ্ঞানিক গবেষণা এবং সমাজকল্যাণমূলক কাজ করে। কিন্তু সংস্থাটি পরিচালনা করেন দেশটির আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির স্ত্রী। সংসদ নির্বাচন হয় না এমন একটি দেশের ফাউন্ডেশনের প্রচার বার্সার মতো ক্লাবের করা ঠিক হচ্ছে কি না, এ নিয়ে প্রশ্ন তুলেছেন বার্সার অনেকেই।সেই প্রশ্ন তোলায় কোনো ফল হলো কি না, সেটি কাল জানা যাবে। তবে গুরুত্বপূর্ণ এই বৈঠকের আগে বার্সা কোচ পেপ গার্দিওলা কিন্তু কাতার ফাউন্ডেশনের পক্ষেই দাঁড়ালেন। কাতারের আল আহলি ক্লাবে দুই বছর খেলে গেছেন বলে দেশটি সম্পর্কে মোটামুটি ধারণা আছে গার্দিওলার। সেই ধারণা থেকেই বলছেন, ‘কাতার কিন্তু সবচেয়ে উদার মুসলিম দেশগুলোর একটি। আমি আর আমার পরিবার দুই বছর সেখানে ছিলাম। ওরা আমাকে দারুণভাবে বরণ করে নিয়েছিল। কাতার পশ্চিমা বিশ্বকে দুয়ার খুলে দিচ্ছে। আর তাদের এই ফাউন্ডেশন অনেক ভালো ভালো কাজ করছে। আসলে আমার মনে হয়, অনেক সময় আমরা মুসলিম দেশগুলোকে ঠিকমতো বুঝতে পারি না, তারাও আমাদের বোঝে না।’অবশ্য শেষ পর্যন্ত বোর্ডের সিদ্ধান্ত মেনে নিয়েই ক্লাব এগিয়ে যাবে বলে জানালেন গার্দিওলা। গত বছর ৭ কোটি ৯৬ লাখ ইউরো ক্ষতির মুখে পড়েছিল বার্সেলোনা। সব মিলিয়ে তাদের দেনার পরিমাণ ৪৪ কোটি ২০ লাখ ইউরো। এএফপি।