কাতারে চলছে দাসপ্রথা!
দৃষ্টিনন্দন সব স্টেডিয়াম। মসৃণ যোগাযোগব্যবস্থা, থাকবে আধুনিক সব সুযোগ-সুবিধা। বিশ্বকাপ উপলক্ষে কাতার কোনো খামতি রাখবে না, এটা বলাই যায়। কিন্তু প্রদীপের নিচে যেমন থাকে আঁধার, তেমনি এই শান-শওকতের পেছনে থাকবে মর্মান্তিক কিছু কাহিনি।
গত সপ্তাহে ইংল্যান্ডের দ্য গার্ডিয়ান এক অনুসন্ধানী প্রতিবেদনে দেখিয়েছে, কাতারে এক হাজারেরও বেশি নেপালি শ্রমিক মারা গেছেন। অনেকেই মানবেতর জীবনযাপন করছেন। কাতারের প্রবাসী শ্রমিকদের মধ্যে ভারতীয়দের পর সংখ্যায় দ্বিতীয় নেপালিরা। গার্ডিয়ান লিখেছে, তিন লাখ ৭০ হাজার নেপালি শ্রমিকের অনেককেই ‘আধুনিক দাসপ্রথা’ মেনে নিতে হচ্ছে।
গুরুতর অভিযোগ। মানবাধিকার সংস্থাগুলো তাই নড়েচড়ে বসে। কাতারের বিশ্বকাপ প্রস্তুতিও হয়ে পড়ে প্রশ্নবিদ্ধ। কিন্তু কাতার কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করেছে। কাতার মানবাধিকার কমিটির সভাপতি আলি আল মারি দাবি করেছেন, ‘কাতারে কোনো দাসত্ব বা বাধ্যশ্রম নেই। গার্ডিয়ান-এর প্রতিবেদনে যে তথ্য দেওয়া হয়েছে, সেটা মিথ্যা। মৃতের যে সংখ্যা বলা হয়েছে, সেটা অতিরঞ্জিত।’
কিছু যে সমস্যা আছে, সেটা অবশ্য মারি অস্বীকার করেননি, ‘কিছু সমস্যা তো আছেই। আর দেশে ৪৪ হাজার ব্যবসা আছে। কিন্তু আমি আপনাদের আশ্বস্ত করতে পারি, কর্তৃপক্ষ সব সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছে।’
কাতারে প্রবাসী নেপালিদের প্রতিনিধি নারিনরা বাদও গার্ডিয়ান-এর প্রতিবেদন নিয়ে প্রশ্ন তুলেছেন, ‘এই বছর এখানে ১৫১ জন নেপালি মারা গেছেন। তাঁদের ১৫ জন মারা গেছেন কর্মস্থলে। গত বছর মোট ২৭৯ জন নেপালি মারা যান, যাঁদের ৫৫ জন কর্মস্থলে। আমরা বলছি না কাতারে কাজের পরিবেশ বাকিদের জন্য উদাহরণ। এখানেও নেপালিদের বাসস্থান, ভিসা ও বেতনের জন্য সংগ্রাম করতে হয়।’ এএফপি।